২০ জুল, ২০১৫

ঈদ মুবারক

গাছ ভর্তি আমড়াগুলো ঝুমকার মত ঝুলছে। গাছটা বেশ বড়। তিনতলার ছাদ ছুঁই ছুঁই করছে। কিছু পাতা পোকায় খেয়েছে। গাছটির চারিদিকে পেয়ারা, আতা, পিচ ফলের গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি সাজনে গাছ আধাশুয়া আবস্থায় বেড়ে উঠেছে। পাশেই ডুমুর গাছটায় ডুমুর শোভা পাচ্ছে কিছু পাকা ডুমুর লাল হয়ে উঠেছে যেন বারান্দার গ্রিল দিয়ে হাত বাড়ালেই ডুমুরগুলো পারা যাবে। কেউ কোনদিন পেড়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। তার ঠিক নিচে কচু গাছ খোকসা গাছ তার মাঝে আবর্জনার স্তুপ। প্রতিদিন হয়ত ফেলা হয় তার মাঝে আনারসের মাথাটাও গাছ বলে মনে হচ্ছে।

গ্রিলে কাপড় মেলানো। দৃষ্টি প্রসারিত করলেই যতগুলো বাড়ি চোখে পরে সবই পাকা কিন্তু টিনের চাল। তার মধ্যে দুই একটি বাড়িতে পাকা ছাদ। কোন কোন ছাদে লকলকিয়ে উঠেছে কুমড়ো গাছ।দুর থেকেই দেখা যাচ্ছে কুমড়ার বাহারি হলুদ ফুলগুলো। দুই একটি চালে ছোট ছোট কুমড়াও চোখে পরছে। এখন এ গুলো ইলিশের সঙ্গে বেশ মানিয়ে যাবে। গ্রিল ছুয়ে আছে যে কাঁঠালের ডালগুলো তারই পেছনে সারিবদ্ধ গুবাক তরু। আমগাছটি আম শুন্য। ঠিক এমনই একটি ছায়া ঘেরা শান্ত পরিবেশে ফরিদার বাসা। ‘নয়নতারা’ যেন সব গুলো বাসার মধ্যে তারার মত ফুটে উঠেছে। দুরে দাড়িয়ে দৃষ্টিনন্দন কদম গাছটি। তার পাশেই কচুরিপানায় ভরা জলা। দোতালার এই গ্রিলে দাড়িয়ে বোঝা যাচ্ছে না তার গভীরতা। ফাকা জায়গাগুলো হেলেঞ্চা আর ঘাসে ভরতি। এই ঈদের দিনে কাক গুলো কা কা করছে। টুনটুনি, শালিক আর চড়ুই এর ডাকও শোনা যাচ্ছে।

শ্রাবণের এমনই একটি দিন, আর আজ ঈদ, ১৮/৭/১৫। ফরিদার বাসায় এসেছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবারের ঈদুল ফিতর প্রথম বাবা ছাড়া। গতবার ছিলেন ঢাকায়, এবারে একেবারে পরাপারে। কিন্তু তিনি এলেন ‘নয়নতারায়’ ঠিক গ্রিলের পাশে। ১৫ ফিট দূরে যে পাকা ছাদটি তার উপরে একটি মাত্র টব রাখা। তাতে ফুটে আছে morning beauty। বাবা নিজের হাতে ফুলের টব সাজাতেন। তেমনই একদিন এই ছোট্ট আমি জিজ্ঞাস করলাম এই ঘাসগুলো টবে কেন? উনি বললেন এইগুলো ঘাস নয় morning beauty। ফুল ফুটবে শিঘ্রই। টবে ফুটল morning beauty।

রোজ সকালে ঘুম থেকে উঠে ফুলগুলো দেখা ছিল আমার প্রতিদিনের কাজ। আজ এই শ্রাবণের গরমে ঘামতে ঘামতে গ্রিলে হেলান দিয়ে দাড়িয়ে টবে morning beauty দেখে মনে হচ্ছে ওই টবে ফুলের মাঝে লুকিয়ে থেকে মুচকি হেসে বাবা আমাকে জানাচ্ছে, ঈদ মুবারক, ভাল আছিস তো মা!

গতবারে ঈদের দিনে পরা সিল্কের লাল পাঞ্জাবিটি আজও তেমনি ভাবে হাঙ্গারে ঝুলছে, সুরমাদানি আর আতরগুল তেমনি ভাবে রাখা আছে... বাবা সহ সবাইকে আমার ঈদের শুভেচ্ছা।