২৬ ফেব, ২০১৬

নকল রহিমা, নকল নাসিমা

সরকারী পি. এন. উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী শহরের ভাল স্কুলগুলোর মধ্যে একটি। ১৯৭৪ সাল, সবে মাত্র নবম শ্রেণীতে পদার্পন করেছি। খুব ভাল ছাত্রী না হলেও ভালর দলেই ছিলাম। আমি ও আমার বান্ধবী প্রথম বেন্চে পাশাপাশি বসি বরাবরই।

২২ ফেব, ২০১৬

ছিনিয়ে আনা মাতৃভাষার অধিকার

রাজশাহী কলেজে আবারও দুদিনব্যাপী অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 'অমর একুশে' উপলক্ষ্যে। প্রধান অতিথীর আসন অলংকৃত করলেন ভাষা সৈনিক আবুল হোসেন। উনি উনার বক্তৃতায় তাঁর সময়ের রাজশাহী কলেজের কথা বললেন। ১৯৪৮ সালের দিকে ছাত্র সংখ্যা ছিল মাত্র দুইশত।

সে সময় যখন ভাষা আন্দোলন শুরু হয় কাল ব্যাচ ধারণ করা নিষিদ্ধ ছিল, তাই সিদ্ধান্ত হল কাল টুপি পরিধান করার। কয়েক লাইনের বার্তা লিখে তা পাঠান হয় কলেজ হোস্টলে আর তা ছাত্ররা কপি করে রাস্তায় ছড়িয়ে দেয় ফেরীওয়ালাদের মাধ্যমে। প্রতিরোধ উপেক্ষা করে প্রতিবাদের ভাষা জেনে যায় সবাই। দেশবাসীর বলিষ্ঠ পেদক্ষেপই ছিনিয়ে আনে মাতৃভাষার অধিকার।

রাজশাহী কলেজ শহীদ মিনার



ভাষা শহীদদের উদ্দেশ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নির্মিত হয় কলেজ হোস্টল প্রাঙ্গণে। শহীদ মিনার কনসেপ্ট ছিল না তখন। লাখো সালাম জানাই ভাষা শহীদদের।

শহীদ মিনারের রুপটিও পরিবর্তিত হল এবারে। পলাশ গাছের তলে শহীদ মিনারের বেদী ভরে গিয়েছিল ফুলে ফুলে, নেমেছিল অগণিত মানুষের ঢল।

২১ ফেব, ২০১৬

"ম্যাডাম বসে থাকেন, আপনাকে উঠতে হবে না"

তখন আমি রাজশাহী কলেজে। কাজ সেরে টাকা তুলতে ব্যাংকে যাব। অগ্রনী ব্যাংক, নিউমার্কেট শাখা। অবস্থানটি নিউমার্কেটের ঠিক পূ্র্ব দিকে। দুপুর দুটো হবে। ক্ষুধায় পেটের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে কিন্তু টাকা তুলতেই হবে। রিক্সা নিয়ে রওনা হলাম। সময়টি বড্ড অসময়। রিক্সা যখন নিমার্কেটের কাছাকাছি এল তখন সামনে তাকিয়ে দেখি ইটের ভাঙ্গা টুকরার ঢিপি রাস্তা জুড়ে বসে আছে। মেরামতের কাজ চলছে, রাস্তা বন্ধ এমন ধরণের কোন নিদের্শনাও ছিল না ওদিকটায় না যাবার। আমি যদি অন্য রাস্তা দিয়ে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। হতাশ হয়ে ভাবছি কি করা উচিৎ!

মুহূর্তেই রাস্তার পাশ থেকে চারজন অচেনা ছেলে সামনে এসে বলল, "ম্যাডাম বসে থাকেন, আপনাকে উঠতে হবে না।" ওরা আমাকে সহ রিক্সাটি উঁচু করে ধরে খোয়ার উঁচু ঢিপিঠা পার করে দিল।


ছবি: নাদিয়া মনজুর, প্রভাষক, ,আর্কিটেকচার বিভাগ, রুয়েট
আমি দুহাত তুলে অস্পষ্ট উচ্চারণে শুধু এটুকুই বললাম, "god gave me a lot, save them."

১১ ফেব, ২০১৬

তাহার সহিত থাকিয়া সুবাসে হইনু খাঁটি

বছরে কাজের দিনগুলি প্রায় একই রকম আমাদের দুজনের। মনজুর যায় বিশ্ববিদ্যালয়ে আর আমি যাই রাজশাহী কলেজে কিন্তু একটি দিন প্রতি বছরই চরম অশান্তি অনুভব করি, ইনকাম ট্যাক্স জমা দেবার দিন।

এমনই একটি দিন দুজন মিলে ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছি দুপুরের খাবারের পর। দুটো ফাইল আমার হাতে। গাড়ী থেকে নেমে আমি অপেক্ষা করছি অফিসের সামনে আর মনজুর গাড়ী পার্ক করতে গেল। ফিরে এসে আমার সামনে দাড়িয়ে জানাল, আমি ভেতরে যাব না। ইংগিতে পায়ের দিকে দেখাল। তাকিয়ে দেখি, দুজোড়া চটির একটি একটি করে পরে এসেছে। আমি ধমক দিয়ে বললাম, চল ভেতরে চল, আমি একাই যাব নাকি! তোমার পায়ের দিকে কেউ তাকিয়ে দেখবে না। ভদ্র বালকের মত আমার পেছনে পেছনে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কলেজ শাখায় জমা দিয়ে ফেরৎ চলে এলাম।

এর পর বছর দুয়েক অতিবাহিত হয়েছে। কিসের যেন একটা তাড়া আছে। দ্রুত তৈরী হয়ে রিক্সা করে কলেজে গেলাম। যখন কলেজ গেট থেকে বিভাগের দিকে যাচ্ছি কেমন যেন হাটতে অসুবিধে হচ্ছে। খু্ঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। পায়ের দিকে তাকিয়ে দেখি, দুজোড়া হিল স্যান্ডেলের একটি একটি করে পড়েছি। হিলের উচ্চতা অসমান। শাড়ী উঁচু করে যখন পায়ের দিকে দেখছি তখন আমার এক সহকর্মী বলল, ম্যাডাম দুটোই কাল বোঝা যাচ্ছে না।


আমার মনে সেই দিনটির স্মৃতি ভেসে উঠল আর শিহরিত হলাম এই ভেবে, তাহার সহিত থাকিয়া সুবাসে হইনু খাঁটি।

৪ ফেব, ২০১৬

একশত টাকার আলো আশা স্কুল

কেউ যখন আমাকে জিজ্ঞেস করে ছেলে মেয়ের কথা আমি হয়ত বলি দুজন কিন্তু আমি সব সময় জানি আমার চারটি সন্তান। দুই মেয়ে, আলো-আশা আর আকাফুজি। আলো-আশা আমাকে সুখ দেয়, সম্মান দেয়, দেয় আনন্দ আর ভালবাসা; আর আকাফুজি দেয় কর্ম প্রেরনা, অর্থনৈতিক সংগতি। দুটো প্রতিষ্ঠানই আমাদের অত্যন্ত প্রিয়।

এ দুটো প্রতিষ্ঠান পরিচালনায় অনেকটা সময় ব্যয় করতে হয় আমাদের।দেশের মধ্যে তো বটেই এই দুটো প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড দেশের বাইরে পরিব্যপ্ত। আকাফুজির ল্যাবরেটরিতে গবেষণা মূলক কর্ম কাণ্ড চলে প্রতিনিয়ত।এর যে মূল গবেষক তাকে একটি সম্মাননা দেওয়া হবে, স্থান সিলেট। রাজশাহী থেকে সিলেটে গেলাম আমরা দলবল নিয়ে। ট্রেন বদল করে করে সিলেটে পৌঁছে, হোটেলে রাত কাটিয়ে, শীততাপ নিয়ন্ত্রিত বেশ বড় একটি সভা কক্ষে উপস্থিত হলাম, সম্মাননা অনুষ্ঠানে।সিলেটবাসীর প্রিয় ফল স্ত্রবেরী দেশে ছড়িয়ে দেবার জন্যই এই সম্মাননা।সভা কক্ষ কানায় কানায় পূর্ণ। দামী ব্যানার আর সাজসজ্জায় সভাকক্ষ সুসজ্জিত। আপ্যায়ন ব্যবস্থাটিও ছিল অভিজাত। যথারীতি অনুষ্ঠান শেষ হল।সিলেটবাসীর্ পক্ষ থেকে চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট, নামী দামী ব্যাবসায়ী, সুশিক্ষিত কৃষক সমাজ, শিক্ষক, অনেকেই ছিলেন, বক্তব্য রাখলেন অনেকেই। আশীর্বাদ পুষ্ট হলাম আমরা।

সমাপনী ঘোষণার পর স্টেজ আলো করে এল একজন কিশোর। ১৩/১৪ বছর বয়স হবে হয়ত। সে বসে পড়ল চেয়ারে বসা সেই গবেষকের পায়ের কাছে হাটু গেঁড়ে। গবেষক আর কেউ নয় প্রফেসর ড. এম. মনজুর হোসেন। কিশোরের হাতে একশত টাকার একটা নোট। কানে ভাসা ভাসা এল যে কথাটা তা এই রকম, স্যার, আমি আপনার আলো আশা স্কুল সম্পর্কে জানি, আপনি অনেক কষ্ট করে গরীব বাচ্চাদের এই স্কুলটি চালান। আপনার স্কুলের বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে এই একশত টাকা। কিশোরের আবেগ সেদিন আমাকেও এতটা বিমোহিত করেছিল যে সেই একশত টাকাটা আজও আমি সযতনে রেখে দিয়েছি যা কোন একটি মিউজিয়ামের অংশ হতে পারে এই ভেবে।


আলো আশা স্কুলের যাত্রাপথে এই দানের পরিমাণ হয়ত কিছুই না কিন্তু তার অন্তর্নিহিত প্রতিশ্রুতিটির বিশালতা যেন মহাসাগরকেও হার মানায়।