৩০ এপ্রি, ২০১৬

বহিঃপরীক্ষক হওয়ার প্রথম অভিজ্ঞতা

২০০৩ সালে রাজশাহী কলেজে যোগদানের সঙ্গে সঙ্গেই সব ধরণের যোগ্যতা অর্জন করে ফেললাম। এর আগে বিভিন্ন কলেজে চৌদ্দ বছর চাকুরী করেও আমার কোন যোগ্যতা ছিল না! আমার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা আসতে শুরু করল, বহিঃপরীক্ষক হবার চিঠি আসতে শুরু করল। সত্যি কথা বলতে কি এতদিন পর আমি শিক্ষক হবার দক্ষতা অর্জন করলাম! যেহেতু আমি আগে এ কাজগুলো করিনি তাই বিড়ম্বনা শুরু হল।

২২ এপ্রি, ২০১৬

অদম্য মনোবলের কাছে পরাজিত বিদ্রুপের নিশানা

চল্লিশের দশকে পোরশা গ্রাম থেকে পড়াশুনা করে বেরিয়ে এল একটি ছেলে। রাজশাহী কলেজে লেখাপড়া করার সময় তার দিব্যদৃষ্টি খুলে গেল, আধুনিকতার ছোঁয়া লাগল তার মনে প্রাণে।

১৩ এপ্রি, ২০১৬

জীবন্ত ক্যানভাসে "নিরালা"

ক্ষণিকার সামনে চারতলা বাড়িটি "নিরালা" একজন অবসর প্রাপ্ত কলেজ শিক্ষকের। চারতলা আর একতলা ভাড়া। দোতলা আর তিনতলা মিলে উনারা থাকেন। যখন কোন পার্বন আসে তখন বাড়িটি রমরমা হয়ে উঠে। দোতলায় অধ্যক্ষ সাহেব নিজে থাকেন। উনি মহল্লার মুরব্বি। তিন তলায় থাকে তাঁর মেয়ে পরিবার নিয়ে। দুটি বাচ্চা তাদের, দোদ্যুল আর মৃদুল। দোদ্যুল আট বছরের বালক আর মৃদুল এগার বছরের বালিকা। বাচ্চা দুটির হাঁক ডাকে বাড়ি থাকে মুখরিত। আমরা থাকি ছয় তলা ভবন ক্ষণিকার দোতলায়। দুই বাড়ির দুই বারান্দা মুখোমুখি।

৮ এপ্রি, ২০১৬

স্মৃতিময় নুরা হাউস

রাজশাহী শহরের রেলস্টেশনের সামনে বিশাল এলাকা নিয়ে রেশম কারখানা ঠিক তার পেছনেই Nura এর অবস্থান। প্রায় দুই বিঘা জমির উপর পুকুর সহ ঘেরা দ্বিতল ভবন। ছায়া সুনিবিড়, শান্ত স্নিগ্ধ অট্টলিকাসম, যেখানে পুকুরে শাপলা ফোটে, কলমি আর হেলেন্চা দোল খায়, সেই লাল শাপলার পাতায় সবুজ কোলা ব্যাঙ বিশ্রাম নেয় আর হলুদ বর্ণের ঢোরা সাপ রৌদে গা এলিয়ে দিয়ে রোদ পোহায়। পানকৌড়ি ডুব দিয়ে মাছ ধরে, সাদা বক ছোঁ মারে আর কানি বক ওৎ পেতে থাকে।

৬ এপ্রি, ২০১৬

বোর্ড চ্যালেঞ্জ

তখন আমি মহিলা কলেজে পড়াই। বেশ কয়েক বছর হয়ে গেছে চাকুরী করছি। বাংলায় অনার্স থাকলেও অন্য কোন বিষয়ে অনার্স পড়ানো হয় না। আমি শুধু মাত্র একাদশ আর দ্বাদশ শ্রেনীতে পড়াই তাই ছাত্রীদের সঙ্গে আমার বেশ সখ্যতা। এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার দিন মেয়েটি বেশ অসুস্থ বোধ করে। মেয়েটি বাইরে যেয়ে চোখে মুখে পানি দেয়, বেশ কিছুক্ষন বিশ্রাম নেবার পর লিখতে শুরু করে এবং শেষ পর্যন্ত ভালই লেখে কিন্তু ও দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে এল না। প্রত্যেকেই পরীক্ষা দিল ও এল না। আমি যখন স্বাক্ষর নিচ্ছিলাম দেখলাম ওর স্বাক্ষর নেই।

৩০ মার্চ, ২০১৬

জয় তুই বেঁচে আছিস

নওগাঁর একটি গ্রামের ঘটনা, বলছি ১৯৭১ সালের কথা। তাঁকে আমি জয়বাবা বলেই সম্বোধন করি। জয় হিন্দু কি মুসলমান তা আমি জানি না কিন্তু জয় একজন তরতাজা তরুণ, টগবগে লাল রক্ত বইছে তার শরীরে, সে রক্ত বিজয়ের গান গাইছে।

২৮ মার্চ, ২০১৬

সনদবিহীন মুক্তিযোদ্ধা শাহ্ সিরাজুল ইসলাম চৌধুরী

পূর্ণভবা নদীর পাড়ে একটি গ্রাম পোরশা। সে গ্রামের একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। বলছি ১৯৫০ সালের কথা। ভাষা আন্দোলন চোখের সামনে দিয়েই পার হল তাঁর। ধীরে ধীরে সাহসী হয়ে উঠলেন রাজনীতিতে।

২৩ মার্চ, ২০১৬

হারিয়েও গেলাম, আবার ফিরেও এলাম!

মদীনাতে সাতদিন থাকার পরেও হজরত মুহম্মদ (সাঃ) এর মাজার শরীফ জিয়ারত করা হল না। হোটেলে আমাদের ঘরে যারা থাকেন তাঁরা কয়েকবার জিয়ারত সেরে ফেলেছেন। আমি উনাদের বলে রাখলাম যেন আজ শেষ দিন উনারা আমাকে সংগে নিয়ে যান।

২১ মার্চ, ২০১৬

কিছু চিন্তা কৃষকদের জন্য

আলোআশা স্কুল সুবিধা-বঞ্চিত শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটি চলে নিজস্ব অর্থায়নে। এর কর্ণধার ড. এম. মনজুর হোসেন সদাই ব্যস্ত থাকেন গবেষনা কর্মকান্ড নিয়ে এবং তা থেকে উৎপাদিত অর্থই ব্যয় হয় এই স্কুলটির জন্য। এই স্কুলেই প্রতিষ্ঠিত তাঁর গবেষণাগার। ২০১২ সালে একটি কৃষক সম্মেলন হয় এই স্কুল চত্তরে। সেখানে প্রধান অতিথী হয়ে আসেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান। সেখানেই তাঁর সাথে আমাদের প্রথম দেখা এবং আলাপচারিতা। উনি ঘুরে দেখেন স্কুল, গবেষণাগার আর কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য।

১৫ মার্চ, ২০১৬

মসজিদে নববী

মদিনাতে যেয়ে মসজিদে নববী দেখে হতবিহ্বল এবং অভিভূত হয়ে পড়লাম। শুধু মনে হতে লাগল কেন কয়েক ঘন্টা দেরী করে এলাম। ওখানে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়তে হয়। তাহলে আরও দুই এক ওয়াক্ত বেশী নামাজ পড়তে পারতাম। আট দিন থাকতে হয় ওখানে। সরাসরি আমাদেরকে প্রথমে মদিনায় নিয়ে যাওয়া হয় তাই কিছুটা ক্লান্ত থাকার কারণে মসজিদে যেতে একটু সময় নিয়ে ফেলেছিলাম। আমাদের সঙ্গে দুজন বয়স্ক মানুষ মা এবং খালু তারা কিছুটা অসুস্থ। মা ঠিকমত হাঁটতে পারেন না আর খালু মনে রাখতে পারেন না কিন্তু তাদের ইচ্ছা হজ্জে যাবার। আমি তাদের একমাত্র সাহারা। শুধু তাদের প্রাণশক্তিটুকুই আমার সম্বল।

২৬ ফেব, ২০১৬

নকল রহিমা, নকল নাসিমা

সরকারী পি. এন. উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী শহরের ভাল স্কুলগুলোর মধ্যে একটি। ১৯৭৪ সাল, সবে মাত্র নবম শ্রেণীতে পদার্পন করেছি। খুব ভাল ছাত্রী না হলেও ভালর দলেই ছিলাম। আমি ও আমার বান্ধবী প্রথম বেন্চে পাশাপাশি বসি বরাবরই।

২২ ফেব, ২০১৬

ছিনিয়ে আনা মাতৃভাষার অধিকার

রাজশাহী কলেজে আবারও দুদিনব্যাপী অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 'অমর একুশে' উপলক্ষ্যে। প্রধান অতিথীর আসন অলংকৃত করলেন ভাষা সৈনিক আবুল হোসেন। উনি উনার বক্তৃতায় তাঁর সময়ের রাজশাহী কলেজের কথা বললেন। ১৯৪৮ সালের দিকে ছাত্র সংখ্যা ছিল মাত্র দুইশত।

সে সময় যখন ভাষা আন্দোলন শুরু হয় কাল ব্যাচ ধারণ করা নিষিদ্ধ ছিল, তাই সিদ্ধান্ত হল কাল টুপি পরিধান করার। কয়েক লাইনের বার্তা লিখে তা পাঠান হয় কলেজ হোস্টলে আর তা ছাত্ররা কপি করে রাস্তায় ছড়িয়ে দেয় ফেরীওয়ালাদের মাধ্যমে। প্রতিরোধ উপেক্ষা করে প্রতিবাদের ভাষা জেনে যায় সবাই। দেশবাসীর বলিষ্ঠ পেদক্ষেপই ছিনিয়ে আনে মাতৃভাষার অধিকার।

রাজশাহী কলেজ শহীদ মিনার



ভাষা শহীদদের উদ্দেশ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নির্মিত হয় কলেজ হোস্টল প্রাঙ্গণে। শহীদ মিনার কনসেপ্ট ছিল না তখন। লাখো সালাম জানাই ভাষা শহীদদের।

শহীদ মিনারের রুপটিও পরিবর্তিত হল এবারে। পলাশ গাছের তলে শহীদ মিনারের বেদী ভরে গিয়েছিল ফুলে ফুলে, নেমেছিল অগণিত মানুষের ঢল।

২১ ফেব, ২০১৬

"ম্যাডাম বসে থাকেন, আপনাকে উঠতে হবে না"

তখন আমি রাজশাহী কলেজে। কাজ সেরে টাকা তুলতে ব্যাংকে যাব। অগ্রনী ব্যাংক, নিউমার্কেট শাখা। অবস্থানটি নিউমার্কেটের ঠিক পূ্র্ব দিকে। দুপুর দুটো হবে। ক্ষুধায় পেটের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে কিন্তু টাকা তুলতেই হবে। রিক্সা নিয়ে রওনা হলাম। সময়টি বড্ড অসময়। রিক্সা যখন নিমার্কেটের কাছাকাছি এল তখন সামনে তাকিয়ে দেখি ইটের ভাঙ্গা টুকরার ঢিপি রাস্তা জুড়ে বসে আছে। মেরামতের কাজ চলছে, রাস্তা বন্ধ এমন ধরণের কোন নিদের্শনাও ছিল না ওদিকটায় না যাবার। আমি যদি অন্য রাস্তা দিয়ে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। হতাশ হয়ে ভাবছি কি করা উচিৎ!

মুহূর্তেই রাস্তার পাশ থেকে চারজন অচেনা ছেলে সামনে এসে বলল, "ম্যাডাম বসে থাকেন, আপনাকে উঠতে হবে না।" ওরা আমাকে সহ রিক্সাটি উঁচু করে ধরে খোয়ার উঁচু ঢিপিঠা পার করে দিল।


ছবি: নাদিয়া মনজুর, প্রভাষক, ,আর্কিটেকচার বিভাগ, রুয়েট
আমি দুহাত তুলে অস্পষ্ট উচ্চারণে শুধু এটুকুই বললাম, "god gave me a lot, save them."

১১ ফেব, ২০১৬

তাহার সহিত থাকিয়া সুবাসে হইনু খাঁটি

বছরে কাজের দিনগুলি প্রায় একই রকম আমাদের দুজনের। মনজুর যায় বিশ্ববিদ্যালয়ে আর আমি যাই রাজশাহী কলেজে কিন্তু একটি দিন প্রতি বছরই চরম অশান্তি অনুভব করি, ইনকাম ট্যাক্স জমা দেবার দিন।

এমনই একটি দিন দুজন মিলে ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছি দুপুরের খাবারের পর। দুটো ফাইল আমার হাতে। গাড়ী থেকে নেমে আমি অপেক্ষা করছি অফিসের সামনে আর মনজুর গাড়ী পার্ক করতে গেল। ফিরে এসে আমার সামনে দাড়িয়ে জানাল, আমি ভেতরে যাব না। ইংগিতে পায়ের দিকে দেখাল। তাকিয়ে দেখি, দুজোড়া চটির একটি একটি করে পরে এসেছে। আমি ধমক দিয়ে বললাম, চল ভেতরে চল, আমি একাই যাব নাকি! তোমার পায়ের দিকে কেউ তাকিয়ে দেখবে না। ভদ্র বালকের মত আমার পেছনে পেছনে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কলেজ শাখায় জমা দিয়ে ফেরৎ চলে এলাম।

এর পর বছর দুয়েক অতিবাহিত হয়েছে। কিসের যেন একটা তাড়া আছে। দ্রুত তৈরী হয়ে রিক্সা করে কলেজে গেলাম। যখন কলেজ গেট থেকে বিভাগের দিকে যাচ্ছি কেমন যেন হাটতে অসুবিধে হচ্ছে। খু্ঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। পায়ের দিকে তাকিয়ে দেখি, দুজোড়া হিল স্যান্ডেলের একটি একটি করে পড়েছি। হিলের উচ্চতা অসমান। শাড়ী উঁচু করে যখন পায়ের দিকে দেখছি তখন আমার এক সহকর্মী বলল, ম্যাডাম দুটোই কাল বোঝা যাচ্ছে না।


আমার মনে সেই দিনটির স্মৃতি ভেসে উঠল আর শিহরিত হলাম এই ভেবে, তাহার সহিত থাকিয়া সুবাসে হইনু খাঁটি।

৪ ফেব, ২০১৬

একশত টাকার আলো আশা স্কুল

কেউ যখন আমাকে জিজ্ঞেস করে ছেলে মেয়ের কথা আমি হয়ত বলি দুজন কিন্তু আমি সব সময় জানি আমার চারটি সন্তান। দুই মেয়ে, আলো-আশা আর আকাফুজি। আলো-আশা আমাকে সুখ দেয়, সম্মান দেয়, দেয় আনন্দ আর ভালবাসা; আর আকাফুজি দেয় কর্ম প্রেরনা, অর্থনৈতিক সংগতি। দুটো প্রতিষ্ঠানই আমাদের অত্যন্ত প্রিয়।

এ দুটো প্রতিষ্ঠান পরিচালনায় অনেকটা সময় ব্যয় করতে হয় আমাদের।দেশের মধ্যে তো বটেই এই দুটো প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড দেশের বাইরে পরিব্যপ্ত। আকাফুজির ল্যাবরেটরিতে গবেষণা মূলক কর্ম কাণ্ড চলে প্রতিনিয়ত।এর যে মূল গবেষক তাকে একটি সম্মাননা দেওয়া হবে, স্থান সিলেট। রাজশাহী থেকে সিলেটে গেলাম আমরা দলবল নিয়ে। ট্রেন বদল করে করে সিলেটে পৌঁছে, হোটেলে রাত কাটিয়ে, শীততাপ নিয়ন্ত্রিত বেশ বড় একটি সভা কক্ষে উপস্থিত হলাম, সম্মাননা অনুষ্ঠানে।সিলেটবাসীর প্রিয় ফল স্ত্রবেরী দেশে ছড়িয়ে দেবার জন্যই এই সম্মাননা।সভা কক্ষ কানায় কানায় পূর্ণ। দামী ব্যানার আর সাজসজ্জায় সভাকক্ষ সুসজ্জিত। আপ্যায়ন ব্যবস্থাটিও ছিল অভিজাত। যথারীতি অনুষ্ঠান শেষ হল।সিলেটবাসীর্ পক্ষ থেকে চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট, নামী দামী ব্যাবসায়ী, সুশিক্ষিত কৃষক সমাজ, শিক্ষক, অনেকেই ছিলেন, বক্তব্য রাখলেন অনেকেই। আশীর্বাদ পুষ্ট হলাম আমরা।

সমাপনী ঘোষণার পর স্টেজ আলো করে এল একজন কিশোর। ১৩/১৪ বছর বয়স হবে হয়ত। সে বসে পড়ল চেয়ারে বসা সেই গবেষকের পায়ের কাছে হাটু গেঁড়ে। গবেষক আর কেউ নয় প্রফেসর ড. এম. মনজুর হোসেন। কিশোরের হাতে একশত টাকার একটা নোট। কানে ভাসা ভাসা এল যে কথাটা তা এই রকম, স্যার, আমি আপনার আলো আশা স্কুল সম্পর্কে জানি, আপনি অনেক কষ্ট করে গরীব বাচ্চাদের এই স্কুলটি চালান। আপনার স্কুলের বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে এই একশত টাকা। কিশোরের আবেগ সেদিন আমাকেও এতটা বিমোহিত করেছিল যে সেই একশত টাকাটা আজও আমি সযতনে রেখে দিয়েছি যা কোন একটি মিউজিয়ামের অংশ হতে পারে এই ভেবে।


আলো আশা স্কুলের যাত্রাপথে এই দানের পরিমাণ হয়ত কিছুই না কিন্তু তার অন্তর্নিহিত প্রতিশ্রুতিটির বিশালতা যেন মহাসাগরকেও হার মানায়।

২৭ জানু, ২০১৬

নির্লিপ্ততায় বিলাসী

২০০২ সালের পরের ঘটনা। মোবাইলের ঝড় এসে গেছে বাংলাদেশেও। ছাত্র-ছাত্রীদের হাতেও দেখা যেতে শুরু করেছে মোবাইলগুলো। মোবাইল কোম্পানিগুলো ব্যবসা শুরু করলেও দাম কমেনি আর মোবাইলের সৌন্দর্য ততটা বিকশিত হয়নি। আন্টেনাওয়ালা মোবাইলগুলো বেশ জায়গা দখল করে থাকত ছেলেদের প্যান্টের পকেটে, মেয়েদের ভ্যানিটি ব্যাগে। সাদা কালো স্ক্রিন সম্দ্ধ এই মোবাইলগুলোতে নেট কিংবা ক্যামেরার ব্যবহার ছিল না। ফেসবুকের জন্মও হয়নি তখন।

এমন একটি সময়ে এক ব্যবসায়ী ভদ্রলোক তার যোগাযোগের সুবিধার জন্য একটি মোবাইল সেট দিলেন আমাদের। যথারীতি সেটটি একদিন হারিয়েও গেল কিন্তু ততদিনে ঐ যন্ত্রটিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাড়িতে তেমন ব্যবহার হয়না ল্যান্ডফোন দিয়েই কাজ চলে কিন্তু বাইরে বের হলে মোবাইলটি সঙ্গে রাখতে হয় বিশেষ করে দেশ বিদেশের বহু মানুষ বিভিন্ন সময়ে ফোন করে। তাই আমরা আবার একটি মোবাইল ফোন কিনলাম।
 

 পরদিন দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয়েছি, রাতে বাইরে খেয়ে বাসায় ফিরব। রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে খেতে ঢুকেছি, খোশ মেজাজে আছি চারজনেই। কোলের উপরে থাকা মোবাইলটি যে কখন ব্যাগসহ পরে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। দুজন ছেলে দূর থেকে দেখেছে গাড়ি থেকে নামার সময় ব্যাগটি পরে যেতে। আমরা রেস্টুডেন্টের ভেতরে বসতেই পেছন পেছন দৌড়াতে দৌড়াতে এসে ব্যাগটি ফিরিয়ে দিতে দিতে বলল, “ম্যাডাম ব্যাগটি পড়ে গিয়েছিল।“ মোবাইলটি নতুন তারা খুলেও দেখেনি। তাদের সততায় মুগ্ধ আমি।

অধঃপতনের এযুগে নির্লিপ্ততায় বিলাসী সে দুটি যুবকের কথা আমার আজও মনে পড়ে...।

২১ জানু, ২০১৬

আগ্রহী সেই ছেলেটি

গতকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভোর রাতে ঝড় বৃষ্টি একসাথে। রাস্তা-ঘাটে পানি জমেছে কোথাও কোথাও। সকালে আমার একটা ক্লাস আছে। এমন বাদল দিনে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকবে এমনটাই স্বাভাবিক কিন্তু আমাকে যেতে হবে। কোন রকমে কলেজে পৌচ্ছে পা টিপে টিপে ধীর গতিতে Department এর দিকে যাচ্ছি। দল-বল নিয়ে অধ্যক্ষ স্যার তদারকিতে ব্যস্ত। প্রাণিবিদ্যা বিভাগে উনি প্রায়শঃই আসেন। চা পান করতে করতে বললেন, 'দু-একজন আসলেও ক্লাস নিতে হবে।'

1st year Hons class. নতুন বছরের প্রথম ক্লাস। এই বিষয়টি অন্য শিক্ষক পড়ান। উনি ছুটিতে থাকার কারনে আমাকে পড়াতে হবে। Topic- 'Origin of life'। আমার জন্য বিষয়টি নতুন তাই রাত জেগে পড়াশোনা করে একটা lecture তৈরী করেছি। ক্লাস ছিল সকাল ন'টায়। বাইরে এদিকে অদিকে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পেয়ে জানলাম ও একাই এসেছে। ক্লাসের শুরুতে ওর রোল নম্বর জানতে চাইলে ও জানাল, এখনও ভর্তি হয়নি, দু'একদিনের মধ্যেই হবে।

প্রায় একঘন্টা পর ক্লাস শেষ করে যখন চলে আসছি ও আমাকে বলল, 'একটা কথা বলব ম্যাডাম! কিছু মনে করবেন না তো! আমি এই কলেজের ছাত্র না। অন্য কলেজে পড়ি। আমাদের ক্লাসগুলো ঠিক মত হয়না তাই ক্লাস করতে এসেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি আপনাকে মিথ্যে বলেছি। ম্যাডাম এখানে কি ক্লাস করা যায়?' ও আরো জানাল, 'আমি এ ক্লাসটির বিষয় গুলো বুঝতে পেরেছি।' ও ওর বই খুলে আমাকে দেখাল Chapter এর নাম- 'Foundation of life'। আমি হতবাক!
আসার আগে শুধু বললাম, 'তুমি ক্লাস করতে চাইলে করতে পারো কিন্ত স্যার ম্যাডামের অনুমতি নিয়ে করবে।


পরবর্তী ক্লাসে আমি নতুন বিষয় পড়াব। আবার একই ভাবে অনেকগুলো নতুন মুখের দেখা পাব। তবে আমার এ চোখ দুটো হয়ত আগ্রহী সেই ছেলেটিকেই খুঁজবে!