রোদ ঝলমলে দিন। আশ্বিনের ছোঁয়া লেগেছে। মাত্র দিন কয়েক আগে রংপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। রংপুর শহরের প্রাণকেন্দ্রে এর অবস্থান। ছায়াঘেরা শান্ত পরিবেশ, জমিদারের বাগান বাড়ি, সেখানেই চারটে তিনতলা দালান তুলে কলেজের অবকাঠামো তৈরী করা হয়েছে। প্রধান ফটক দিয়ে ঢুকতেই বাম পাশে মসজিদ। সামনে রাস্তা ধরে একটু এগুলেই প্রথম ভবন তার ঠিক পেছনেই দ্বিতীয় ভবন এবং ঠিক তার পেছনেই তৃতীয় ভবন। প্রত্যেকটি ভবনই একে অন্যটির সঙ্গে সংযুক্ত। আর চতুর্থ ভবনটি দাঁড়িয়ে আছে কলেজের পেছনের দিকে পূর্ব পাশে। কলেজের একেবারে পেছনে বেশ কিছুটা অংশে জলাশয়। এখানে প্রতিনিয়তই বেশ কিছু পাখপাখালির আনাগোনা দেখা যায়।

পানকৌড়ি ডুব দিয়ে মাছ ধরে। মাছরাঙ্গা ওৎ পেতে বসে থাকে। সাদা বক, কানি বকের দেখাও মাঝে মাঝে মেলে। দেখা মেলে পাতি হাঁস রাজহাঁসের। জলাশয়ের চারিদিকে আগাছা। তার মধ্যে বিচিত্র ঔষুধি গাছের সমারোহ আকন্দ, মধুটুপি, দাদমর্দন খুব সহজেই দেখা মিলছে। জলাশয়ের চারিদিকে প্রায় বাইশটি পরিবারের বসবাস। কলেজের জমি অবৈধ দখলদারীদের হাত থেকে রক্ষার জন্য এই ব্যবস্থা। পরিবারগুলোর কেউ না কেউ এই কলেজের সঙ্গে সংশ্লিষ্ট। কেউ ঘন্টা বাদক, কেউ বিদ্যুৎ মিস্ত্রী আবার কেউ বা অধ্যক্ষ মহোদয়ের খাস বেয়ারা। এখন অবশ্য পুরো ক্যাম্পাসটিই দেয়াল ঘেরা। রাস্তার ডানে সামনের দিকে যে মাঠটি সেখানে ঢুকতেই কাইজেলিয়া স্বাগত জানায়। ও ভিন দেশের বাসিন্দা। কে জানে কার হাত ধরে এই দেশে এসেছিল! মাঠের চারিদিকে আমলকি, হরতকি, জলপাই, বনকাঁঠাল, কাঁঠাল, কাঠবাদাম বিচিত্র প্রজাতির ফলজ গাছ। দুই একটি শোভা বর্ধনকারী গাছ। তাল গাছ, কাঁঠাল গাছ খেজুর গাছ কিন্তু আমার মন কাড়ে সেই শতাব্দীর পুরানো বট গাছ, ফোকরওয়ালা অন্ধকার দেবদারু গাছ অথবা মন্দিরের উপরে নুইয়ে পরা বিশাল আকারের শিল কড়ই গাছখানা। এই বিশাল আকারের গাছগুলোর গোড়া টাইলস দিয়ে মোড়ানো। প্রয়োজনে শিক্ষার্থীরা ওখানে বসে। গল্প করে, ওয়াই ফাই ব্যবহার করে, ভাজাভুজি খায়। পশ্চিম দিকে মেয়েদের হোস্টেল আর তারও উত্তর দিকে জলাশয় ঘেঁসে মহিলা হোস্টেল। জমিদারের হাতিশালাটির ভগ্ন অংশ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেখানে বট পাইকরের শিকড়গুলো গোটা দালানটিকেই জড়িয়ে ফেলেছে। আমাদের প্রশাসনিক দপ্তর প্রথম ভবনের তিনতলাতে। আমি, অধ্যক্ষ মহোদয় কিংবা অফিস সহকারী, কম্পিউটার অপারেটর এই তিনতলাতেই বসি। ঘরগুলোর সামনে টানা বারান্দা। অধ্যক্ষ মহোদয়ের ঘরখানা একেবারে উত্তরে, তারপরের ঘরখানাই আমার জন্য বরাদ্দ। আমার ঘরটি লম্বাটে ধরনের। সামনের অংশে সোফাসেট এবং বেশ কিছু চেয়ার সাজানো। মাঝে একটি টেবিল সেখানে বসে আমি কাজ করি। সেগুন কাঠের সেক্রেটারিয়েট টেবিলটি অনেক পুরানো এবং বেশ বড়। টেবিলের নীচে পাদানি। সিংহাসন আকারের কারুকাজ খচিত একটি ঢাউস চেয়ার যা নড়ানো আমার প্রায় দুঃসাধ্য। টেবিলের উপরে টেলিফোন, সুগন্ধি ফুলে ভরা ফুলদানি, পেপার ওয়েট, পেপার হোল্ডার, আমার নাম ফলক, ক্রেস্ট, বিভিন্ন ধরনের ফাইল, বই পত্র। থরে বিথরে অনেক কিছুই সেখানে সাজানো। কয়েকটা আলমারী ঘরের ভেতরে। তার ভেতরে রাজ্যের বই পত্র, ফাইল, ব্যানার, ফেসটুন, তৈযসপত্র আর কিছু নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি। পেছনে খাবার পরিবশন এবং চা বনানোর এক চিলতে জায়গা, পাশেই বেসিন। তার পাশেই একটি আরাম কেদারা যা আমি নিঃসংকোচে ব্যবহার করতে শুরু করেছি। বিশেষ করে জোহরের নামাজ এবং মধ্যহ্ন ভোজনের পরে। ঘরের মধ্যে তোয়ালার ছড়াছড়ি। আমার চেয়ারের পেছনে তোয়ালা, আরাম কেদারার উপরে তোয়ালা। বেসিনের পাশের হ্যাঙ্গারে তোয়ালা। এটাচট্ড টয়লেটের ভেতরের হ্যাঙ্গারেও তোয়ালা। প্রয়োজনীয় একজোড়া স্পন্জ সবই কিনে আনা হয়েছিল আমার জন্য। ঘরটি পরিষ্কার রাখার জন্য কি প্রাণান্তকর চেষ্টা!। টেবিলের পেছনের জায়গাটুকু ভারী পর্দা দিয়ে ঢাকা। সামনের দরজা দিয়ে বাতাস ঢুকে পেছন দিকের জানালা বাহিরে বের হয়ে যায়। জানালা দিয়ে বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন ধরনের গাছের মাথা দেখা যায় আর তাতে যখন পাখির বাসায় বাচ্চা দেখতে পাই তখন আমি অপার্থিব জগতের সুখ অনুভব করি। ঘরে ঢুকতেই ননীবর্ণের বাম দেয়ালে উপাধ্যক্ষদের নাম ফলক। কাঠের, চারিদিকে পেতলে মোড়ানো নাম ফলকটি ভারী চমৎকার। দুই একজন বিশিষ্ট মনীষীদের বাঁধানো ছবি বিদ্রোহী কবি, রবিঠাকুর, মাদার তেরেসা। পাশে মুজিব কোট পরিহিত বঙ্গবন্ধুর ছবি। ঠিক তার পাশেই নীলাভ শাড়ি পরিহিতা তার সুযোগ্য কন্যার ছবি। দরজার ঠিক উপরে দেয়ালে একটি সুদৃশ্য দেয়াল ঘড়ি যা সব সময় সঠিক সময় প্রদর্শন করে। দরজার পাশে বারান্দায় একটি টুলের উপরে পাহারায় থাকে জব্বার ভাই। কেউ তার বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করতে পারে না। ভয়ঙ্কর কড়া মেজাজের মানুষ এবং আমার থেকে বয়সে বড়। কিন্তু কত বড় তা তিনি জানেন না। তারপরেও তার বহু বছর চাকুরী আছে। সে আমাকে আপা ছাড়া অন্য কোন সম্ভাষণ করতে পারে না। আমি তাকে সম্মান করে ভাই বলে সম্বোধন করি এবং উনিও আমাকে বড় বোনের মতই সম্মান করেন। রংপুরের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় সে আমার সফর সঙ্গী। তার আদি নিবাস রংপুর। দেশী গরুর খাঁটি দুধ, দেশী মুরগীর ডিম কোথা থেকে যে আমার জন্য জোগাড় করে আনে! ডাব এনে কেটে খাওয়ানো তার নিয়মিত কাজের মধ্যে একটি। আমিও তাকে না দিয়ে কিছুই খেতাম না। আমি রাজশাহী থেকে যেয়ে ওখানে থাকি তাই তার যত্নটা আমার জন্য ছিল প্রয়োজনের তুলনায় বেশী।
সকালে আমার রুমে বসে দপ্তরিক কাজগুলো সারছি। সামনের দরজায় টাংগানো গোলাপী রংএর পর্দাগুলো হালকা বাতাসে দোল খাচ্ছে। পূর্বের খোলা বারান্দা দিয়ে আসা সকালের রোদ বেশ মিষ্টি লাগছে। বারান্দায় রাখা টবগুলো তখনও শুষ্ক, পানি দেওয়া হয়নি। ভাবছি কাজের চাপ একটু হালকা হলেই গাছগুলোতে পানি দিতে বলব। কাঁটা মুকুট, দুধরাজ, ক্যাকটাস, পাতাবাহার, ড্রাসিনা বিভিন্ন ধরনের সব গাছ। সামনের বাগান থেকে বাতাসে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিবিষ্ট মনেই কাজ করছি। ঠিক এমন সময় দৌড়াদৌড়ির শব্দে আনমনা হয়ে উঠলাম। কি হল দেখার জন্য রুম থেকে বের হলাম। তিনতলার বারান্দা থেকে নীচে তাকিয়ে দেখি শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা সব কলেজ মাঠে দৌড়াদৌড়ি করছেন। বোঝার চেষ্টা করলাম কি হয়েছে? সুউচ্চ কন্ঠে অধ্যক্ষ মহোদয় নির্দেশনা দিচ্ছেন,"কোনভাবেই যেন পালিয়ে যেতে না পারে, ওকে আমার কাছে ধরে নিয়ে এসো।"
তখন আমি ভাবছি, দিন দুয়েক আগে একটি ছেলের কাছ থেকে চার হাজার টাকা ছিনতাই হয়ে গিয়েছে আবার তেমন ঘটনার পুনরাবৃত্তি কি না। ভর্তির মৌসুম চলছে। পরক্ষণেই দেখলাম, একটি টিন এজ ছেলেকে কয়েকজন শিক্ষক মিলে অধ্যক্ষ মহোদয়ের নিকট ধরে নিয়ে আসছেন। কলেজে পাবলিক পরীক্ষা চলছিল। সকাল থেকেই গোপনীয়তাসহ রুম ভিত্তিক প্রশ্নপত্র সমন্বয় করা নিয়ে অধ্যক্ষ মহোদয়ের কক্ষটি ছিল কর্ম চাঞ্চল্যে ভরপুর। তাই আমার কক্ষটিতেই ছেলেটিকে আনা হল। তখনও ঠিক বুঝতে পারছিলাম না বিষয়টি কি! মুহুর্তেই কক্ষটি লোকজনে ভর্তি হয়ে গেল। কলেজ সংসদের ছেলেরা থেকে শুরু করে অনেকেই এসেছে। বারান্দাতেও ঠাঁই হচ্ছে না। অধ্যক্ষ মহোদয় উচ্চ কন্ঠে বলছেন,"কত বড় সাহস! আমার ক্যাম্পাসে এসে মাস্তানি! আমার মেয়ের গায়ে হাত! থানাই ওর জন্য উপযুক্ত জায়গা! ভ্রাম্যমান আদালতে খবর দাও। ওকে এসে নিয়ে যাক!"
একটু পরেই মেয়েটিকেও ধরাধরি করে নিয়ে এল ওর বান্ধবীরা। রুমের মধ্যে রাখা আরাম কেদারাটিতে ওকে শুইয়ে দেওয়া হল কিন্তু ও মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছে। পানির ছিটা দিয়ে যদিও বা জ্ঞান আসছে কিন্তু পরক্ষনেই আবার জ্ঞান হারাচ্ছে।
উপাধ্যক্ষ হিসেবে যোগদান করছি বটে কিন্তু আমি কখনও বিভাগে বিভাগীয় প্রধানও ছিলাম না তাই একরকম কিংকর্তব্যবিমূঢ় অবস্থা আমার। মেয়েটির বাসায় খবর দেওয়া হল। ওর মা, ভাই কলেজে আসল। ছেলেটির বাসায় খবর দেওয়া হল। ওর বড় ভাই এসে গেল। থানা পুলিশের লোকজনও ভর্তি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই কথায় কথায় সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে।
জয়িতা এবং আশিক ছোটবেলা থেকেই একই পাড়ায় পাশাপাশি বাসায় বেড়ে উঠে। কৈশোরে পা রাখার আগেই তাদের মধ্যে ভালবাসার সূচনা হয়। দিন গড়ানোর পরিক্রমায় তাদের মধ্যে ভালবাসার উন্মেষ ঘটে। দীর্ঘ সময় চলে তাদের মধ্যে কিশোর প্রেমের উন্মাদনা, ভাবাবেগের প্লাবন। কিছুটা রেশারেশি আবেগময়তা ভর করে তাদের মধ্যে। এক সময় সুশ্রী বুদ্ধিমতী জয়িতা উপলব্ধি করে যা হচ্ছে তা ঠিক নয়।
আশিকের বাবা ডাক্তার, বড় ভাই আর্কিটেক্ট, একমাত্র বোনটির মাষ্টার্স শেষ করার পর বিয়ে হয়ে যায়। আশিকও রংপুর জেলা স্কুলের ছাত্র। মেধাবী ছাত্র ব্যাতিরেকে জেলা স্কুলে কেউ ভর্তি হতে পারে না। বাবা মায়ের আদরে বড় হতে থাকা ছোট ছেলেটি একসময় ড্রাগ অ্যাডিকটেড হয়ে যায়, অ্যাটেম্ট টু মারডার এর অপরাধে জেলে যায়। ড্রাগ নেবার অসহায়ত্বে বাবা মা তাকে রিহ্যাবিলেশন সেন্টারে পাঠান। মনের দুঃখে আশিক সিগারেটের আগুনে হাত পুড়িয়ে কাল দাগ করে ফেলে। সাদা চামড়ায় সে কালিমা আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হয়। ভাবলেশহীন অভিব্যক্তি প্রকাশ পায় ওর চোখে মুখে। পুলিশ যখন জানতে চায়,"জয়িতাকে মারলে কেন?"
আশিকের স্পষ্ট জবাব,"ও আমার সাথে ব্রেক আপ করেছে। ছয় বছরের সম্পর্ক। তাই ওকে আমি মেরেছি। তাতেই ও অজ্ঞান হয়ে যায়।"
পুলিশ জানতে চায়,"হাতের দাগগুলো কিসের?"
আশিকের স্পষ্ট উত্তর, "ওর জন্য সিগারেটের আগুনে নিজের হাত পুড়িয়েছি। ওকে আমি ভীষণ ভালবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না।"
পুলিশ জানতে চায়,"ড্রাগ নাও কেন?"
আশিকের জবাব," ও আমার কথা শুনে না তাই...
বাবা কি করেন? মা কি করেন? কয় ভাই বোন?
পুলিশের এই ধরণের প্রশ্নের জবাবেও সে নিরুত্তাপের সঙ্গে উত্তর দেয়। কোন ধরণের অনুশোচনা তার মধ্যে দেখা যায় না। আমার রুমে সোফায় বসে ছিলেন অনেকেই। একজন দুঃসাহসী তরুণ প্রভাষক আশিককে এক হ্যাচকা টানে সোফা থেকে তুলে বলল," দাঁড়িয়ে থাক এখানে! উপাধ্যক্ষ ম্যাডামের সামনে বসে আছিস সাহস কত!"
আমি যা বুঝলাম সাহস বা অসাহসের কোন ব্যাপার তখন ওর মধ্যে নেই। কোন বিবেক বা অনুভূতি কাজ করছে না আশিকের। এক পর্যায়ে ওর পেছনের কলেজ ব্যাগটি চেক করা হল যদি কোন ধরণের অস্ত্র বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। মনে হল যেন ও ভাবলেশহীন ভাবে সে চুইনগাম চিবাচ্ছে। দামী মোবাইল সেটটি বার বার বেজে উঠছে। তাতে সে নানা ধরণের তথ্য আদান প্রদান করতে চাইছে। পুলিশ শুধু বাসায় খবর দিতে বলল। আশিকের বাবা মা কেউ কলেজে এলেন না। অনেক পরে তার ভাইটি এল বটে কিন্তু তার পক্ষে একটি কথাও বলল না। শুধু বলল,"আমার বলার কিছুই নেই, আপনারা যা ভাল বোঝেন তাই করেন।"
দুই একজন প্রভাষক দুই একটা থাপ্পরও মারল কিন্তু তাতেও তার বিবেক নাড়া দিল না। নেশা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় তা জীবনে প্রথম বারের মত দেখার অভিজ্ঞতা হল। প্রত্যেকেই আমরা হয়রান হয়ে গেলাম কলেজ পোশাক পরিহিত ক্ষীণকায়, ছোট খাট গড়ণের আশিকের কান্ড কারখানা দেখে। নির্লজ্জতা কোন পর্যায়ে যেতে পারে!
প্রথমে এল জয়িতার ভাই, তার পরে মা। জয়িতার ভাই ছিল নানা বাসায়। ওদের বাবা থাকেন দুবাই। সেখান চাকুরী করেন। পরিবারের সুখের জন্যই তাঁর এ ত্যাগ। বিদেশ বিভুঁই এককীত্বের যাতনা সহ্য করা। আমাদের দেশের লাখো লাখো মানুষ সন্তানদের জন্য নিজের ভাললাগার বিষয়গুলো ভুলে থাকতে চেষ্টা করেন। ছেলে মেয়েদের নিয়ে জয়িতার মা দেশে থাকেন। পর্দানোশীন এই মায়ের মেয়ে যে অবাধ্য তাতে কোন সন্দেহ নেই। বিষয়টি যে দুই পরিবার জানে তা আর বলার অপেক্ষা রাখে না। এক পর্যায়ে জয়িতার চেয়ে দুই বছরের বড় সুদর্শন ভাইটি আশিকের দিকে তাকিয়ে বলল,"বিয়া দিয়া দিলে তোদের কারও বাসাতেই জায়গা পাবি না, খাওয়াবি কি?"
আশিক বিরক্তি সহকারে বলে উঠল,"যেখান থেকে পারি খাওয়াবো।"
একজন শিক্ষক বিরক্ত প্রকাশ করল,"নাক টিপলে এখনও দুধ বের হবে, তার কথা শোন!"
জয়িতার জ্ঞান ফিরলে পুলিশ দেখে ও কিছুটা বিভ্রান্ত হয়ে উঠল। আশিক ও জয়িতা দুজনেই একাদশ শ্রেণীতে পড়ে। জয়িতা আমাদের কলেজে আর আশিক পুলিশ লাইন কলেজে। বিভেদ সইতে না পেরে আমাদের কলেজে এসে আশিক মাস্তানি দেখাল। তাড়াতাড়ি ওদের নিয়ে যাবার জন্য অধ্যক্ষ মহোদয় বার বার এসে পুলিশকে অনুরোধ জানালেও অভিযোগনামা লিখতে সময় লেগে গেল। মেয়ের মায়ের কাছ থেকে অঙ্গীকারনামা লিখে নেওয়া হল। মেয়েকে উনি নিজ দায়িত্বে কলেজে আনা নেওয়া করবেন। কলেজে জয়িতার উপস্থিতি নিশ্চিত করবেন। শেষ পর্যন্ত পুলিশ ওদের থানায় নিতে চাইছিল না। অধ্যক্ষ মহোদয়ের কড়া নির্দেশনায় শেষ পর্যন্ত তারা আশিককে থানায় নিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিন ঘন্টা অতিক্রান্ত।
মজার ব্যাপার হল, কলেজ ড্রেস পরিহিতা জয়িতা তখন আমাকে উদ্দেশ্য করে ক্রন্দনরত অবস্থায় বলতে থাকল," ম্যাডাম কয়েকদিন আগেই ও রিহ্যাব থেকে ফিরেছে, পুলিশের হাতে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দেবেন না...।"
যে কিনা একটু আগেই আশিকের হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে মাঠে পরে ছিল। ভালবাসা যাতনাময়, ফল্গুধারার মত বয়ে যেতে থাকল অবিরাম গতিতে...।
যেখানে আমরা অভিভাবকরা নিতান্ত অসহায়।
ঘরখানা একটু ফাঁকা হতেই জব্বার ভাইএর সে কি রাগ!
আপা, কখন নামাজ পড়িবেন, কখন খাইবেন? ব্যালা পরি গ্যালো।
উনার ভালবাসা, উনার আন্তরিকতায় আমি মুগ্ধ।
রংপুরে না এলে এ দিকটা হয়ত অজানাই থেকে যেত।