৪ ফেব, ২০১৬

একশত টাকার আলো আশা স্কুল

কেউ যখন আমাকে জিজ্ঞেস করে ছেলে মেয়ের কথা আমি হয়ত বলি দুজন কিন্তু আমি সব সময় জানি আমার চারটি সন্তান। দুই মেয়ে, আলো-আশা আর আকাফুজি। আলো-আশা আমাকে সুখ দেয়, সম্মান দেয়, দেয় আনন্দ আর ভালবাসা; আর আকাফুজি দেয় কর্ম প্রেরনা, অর্থনৈতিক সংগতি। দুটো প্রতিষ্ঠানই আমাদের অত্যন্ত প্রিয়।

এ দুটো প্রতিষ্ঠান পরিচালনায় অনেকটা সময় ব্যয় করতে হয় আমাদের।দেশের মধ্যে তো বটেই এই দুটো প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড দেশের বাইরে পরিব্যপ্ত। আকাফুজির ল্যাবরেটরিতে গবেষণা মূলক কর্ম কাণ্ড চলে প্রতিনিয়ত।এর যে মূল গবেষক তাকে একটি সম্মাননা দেওয়া হবে, স্থান সিলেট। রাজশাহী থেকে সিলেটে গেলাম আমরা দলবল নিয়ে। ট্রেন বদল করে করে সিলেটে পৌঁছে, হোটেলে রাত কাটিয়ে, শীততাপ নিয়ন্ত্রিত বেশ বড় একটি সভা কক্ষে উপস্থিত হলাম, সম্মাননা অনুষ্ঠানে।সিলেটবাসীর প্রিয় ফল স্ত্রবেরী দেশে ছড়িয়ে দেবার জন্যই এই সম্মাননা।সভা কক্ষ কানায় কানায় পূর্ণ। দামী ব্যানার আর সাজসজ্জায় সভাকক্ষ সুসজ্জিত। আপ্যায়ন ব্যবস্থাটিও ছিল অভিজাত। যথারীতি অনুষ্ঠান শেষ হল।সিলেটবাসীর্ পক্ষ থেকে চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট, নামী দামী ব্যাবসায়ী, সুশিক্ষিত কৃষক সমাজ, শিক্ষক, অনেকেই ছিলেন, বক্তব্য রাখলেন অনেকেই। আশীর্বাদ পুষ্ট হলাম আমরা।

সমাপনী ঘোষণার পর স্টেজ আলো করে এল একজন কিশোর। ১৩/১৪ বছর বয়স হবে হয়ত। সে বসে পড়ল চেয়ারে বসা সেই গবেষকের পায়ের কাছে হাটু গেঁড়ে। গবেষক আর কেউ নয় প্রফেসর ড. এম. মনজুর হোসেন। কিশোরের হাতে একশত টাকার একটা নোট। কানে ভাসা ভাসা এল যে কথাটা তা এই রকম, স্যার, আমি আপনার আলো আশা স্কুল সম্পর্কে জানি, আপনি অনেক কষ্ট করে গরীব বাচ্চাদের এই স্কুলটি চালান। আপনার স্কুলের বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে এই একশত টাকা। কিশোরের আবেগ সেদিন আমাকেও এতটা বিমোহিত করেছিল যে সেই একশত টাকাটা আজও আমি সযতনে রেখে দিয়েছি যা কোন একটি মিউজিয়ামের অংশ হতে পারে এই ভেবে।


আলো আশা স্কুলের যাত্রাপথে এই দানের পরিমাণ হয়ত কিছুই না কিন্তু তার অন্তর্নিহিত প্রতিশ্রুতিটির বিশালতা যেন মহাসাগরকেও হার মানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন