একটা খবরে চোখ আটকে গেল, ১০ কোটি টাকার প্রায় অর্ধেকই খরচ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনতে। এই অর্থ বছরে বাতিল হওয়া ৭৯ টি বইয়ের প্রায় ৮ হাজার কপি এখন রাখা হয়েছে গ্রন্থকেন্দ্রের গুদামে। এরমধ্যে ৪৯ টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা। শিরোনামগুলো এই ধরনের, 'বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা', 'অক্ষরস্রোতে বঙ্গবন্ধু', 'কিশোর গল্পে বঙ্গবন্ধু', 'রাষ্ট্রনায়ক শেখ হাসিনা', 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'।
কর্তৃপক্ষ জানেন না এই গ্রন্থগুলির পরিণতি কী? তবে কর্তৃপক্ষ বলছেন, জনগণের টাকায় কেনা এই বইগুলি দ্বারা পাঠকের মননশীতার অপূরণীয় ক্ষতি হয়েছে।
আজ ভীষণভাবে মনে পড়ছে প্রতিবাদী একজন ছাত্রীর কন্ঠ। তখন আমি রাজশাহী কলেজে বিভাগীয় প্রধানের পদে সমাসীন। হঠাৎ একদিন নির্দেশনা দেওয়া হলো বিভাগে গ্রন্থাগারে বিভিন্ন কর্নার থাকবে, যেমন বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার।
সেদিন একটা নিয়ম হয়ে গিয়েছিল, ৪০ শতাংশ বই কেনা হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে। সরকারি চাকরি করি আমি নিয়মের বাহিরে যেতে পারি না। তাছাড়া বিভাগের শিক্ষকদের মধ্যেও কেউ কেউ আছে মুজিববাদী। আমি যদি এর ব্যত্যয় ঘটাই তাহলে আমাকে এর মাশুল গুনতে হবে। অকারণে আমি কোনো রকমের জবাবদিহি করতে চাই না। কিন্তু মনে মনে আমি নিজেও ভীষণভাবে প্রতিবাদী। আওয়ামী পরিমণ্ডলে বড় হওয়া সত্ত্বেও আমার মধ্যে আওয়ামী প্রীতি বা কোন বিষয়ে বিশেষ প্রীতি নেই। সব সময় নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করি। বিভিন্ন ধরনের বই পড়ে অন্তত পক্ষে একটু বুঝেছি, অন্তর্দ্বন্দ্বের চেয়ে বড় কষ্ট কোন কিছুতেই নেই।
কলেজে বিভিন্ন সময়ে বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমত বিভাগগুলোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়, বিভাগগুলো থেকে বাছাইকৃত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, শিক্ষার্থীদের নিয়ে কলেজ কর্তৃপক্ষ আবার একটি প্রতিযোগিতার আয়োজন করে, সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নির্বাচন করা হয় এবং উভয় ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হয়। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কখনো কখনো ঈদে মিলাদুন্নবী উপলক্ষেও প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত পুরস্কার হিসেবে তাদের দেওয়া হতো বই। বিশেষ করে বঙ্গবন্ধু বিষয়ক লেখা বই ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে দেওয়ার জন্য বলা হতো। কয়েকজন শিক্ষক মন্ডলী বইয়ের তালিকা তৈরি করে বাজারে বইয়ের লাইব্রেরীতে যেয়ে বই কিনে নিয়ে আসতেন। আমি সুন্দর করে বিজয়ীদের বইগুলোতে তাদের নাম, বিভাগ, কোন বিষয়ে পুরস্কার পেয়েছে, এবং তার সাথে কোন মনীষীর উক্তি কিংবা আমি আমার নিজের মতো করে মন্তব্য লিখে দিতাম। ক্লাসরুমে মঞ্চ করে ব্যানার টানিয়ে নির্দিষ্ট দিনে পুরস্কার বিতরণ করা হতো। যারা আসতে পারত না তারা তাদের সুবিধামতো সময়ে এসে আমার হাত থেকে পুরস্কার নিয়ে যেত।
আমি খেয়াল করে দেখলাম বেশ কিছু শিক্ষার্থী পুরস্কার নিতে আসছে না। আমার রুমে তাকের উপর সদৃশ্য কাগজে মোড়ানো পুরস্কারগুলো ধুলোয় ধুসরিত হয়ে কালাতিপাত করছে। একদিন আমি ক্লাসে গিয়ে, প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত একটি মেয়েকে বললাম, তুমি রচনা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো, তোমার পুরস্কার আমার ঘরে রাখা আছে, আমার কাছ থেকে নিয়ে যেও।
মেয়েটি কিছুক্ষণ পরেই আমার কাছে আসলো। বলল, ম্যাডাম আমি পুরস্কার নিব না। বছরের পর বছর ঐ একই বই পুরস্কার হিসেবে দেওয়া হয়, 'অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা'। এভাবে গড় গড় করে বেশ কয়েকটি বইয়ের নাম বলে গেল। একই বই অনেকগুলো করে আমার রুমে জমে গেছে। তাই আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছা করে না, অনেক পরিশ্রম করি কিন্তু মন মত পুরস্কার পাই না।
মেয়েটির বলিষ্ঠ এই প্রতিবাদে আমিও নিজেকে সম্পৃক্ত করলাম। বললাম, বুঝতে পেরেছি আমাকে আর বলতে হবে না, এরপর থেকে আমি অন্য ব্যবস্থা গ্রহণ করব।
আমি আমার শিক্ষকমন্ডলীকে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন ধাঁচের বই কেনার অনুরোধ জানালাম। শুধু তাই নয় পুরস্কার দেওয়ার সময় তাদের জন্য র্যাপিং করা বইয়ের পাতায় কিছুই লিখে দিলাম না। বইগুলো দেওয়ার সময় বললাম, পছন্দ না হলে দোকানে গিয়ে বই পাল্টে নিয়ে আসতে পারবে। এরপরে আমার কাছ থেকে বইয়ের পাতায় কিছু লিখে নিয়ে যাবে।
একটি নির্দিষ্ট দোকানের নামও বলে দিলাম। আমার নেওয়া দৃষ্টান্তমূলক এই পদক্ষেপটি কাজে লেগেছিল।
অবসরে যাওয়া বেশ কয়েক বছর হয়ে গেছে। একটি মেয়ে একদিন ফোনে জানালো, ম্যাডাম আপনার লিখে দেওয়া উক্তিগুলো মাঝে মাঝেই পড়ি।
আমি জানতে চাইলাম, আমার লেখা উক্তি কোথায় পেলে?
জবাবে মেয়েটি জানালো, আপনার হাত থেকে নেওয়া প্রতিটি পুরস্কারের পাতায় পাতায় নানা ধরনের উক্তি লিখা আছে। আমি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রচুর বই পুরস্কার হিসেবে পেয়েছি।
আত্মতৃপ্তিতে মনটা ভরে গেল।
মনে পড়ছে একদিন লিখেছিলাম, জীবন একটা বহমান নদী, বয়ে চলে নিরবধি, কখনো বা ঢিমা তালে, কখনো বা খরস্রোতে....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন