একসময় আমাদের দেশের সোনালী ঐতিহ্য ছিল বিশ্বখ্যাত ঢাকাই মসলিন। মসলিন
বিশেষ ধরণের সূক্ষ্ম সুতী বস্ত্র। এই মসলিন সম্রাট সম্রাজ্ঞীরা ব্যবহার
করতেন। এই উপমহাদেশেই মসলিন উৎপাদিত হত। এশিয়া, ইউরোপ, এমনকি উত্তর
আফ্রিকাতেও পণ্য হিসেবে কদর ছিল ঢাকাই মসলিনের। এই দেশের মসলিন বিশ্বের
বিভিন্ন দেশের সম্রাটদের উপহার সামগ্রী হিসেবে প্রদান করা হত। মসলিন
উৎপাদিত হত বিশেষ ধরণের তুলা থেকে। এই তুলা প্রকৃতিতে আর নেই। অনেক আগেই তা
বিলুপ্ত হয়ে গিয়েছে।
মসলিন শব্দের উৎপত্তি মসূল থেকে। মসূল ইরাকের
একটি বিখ্যাত ব্যবসা কেন্দ্র। পুরাকালে মসূল উৎকৃষ্ট ধরণের কাপড়ের জন্য
বিখ্যাত ছিল। পরে যখন ঢাকাই সূক্ষ্ম বস্ত্রের সন্ধান মেলে তখন তা ঢাকাই
মসলিন হিসেবে পরিচিতি লাভ করে। ইউরোপীয়রা সূক্ষ্ম সুতী বস্ত্রকে মসূলী,
মসূলীন বা মসলিন নামে অভিহিত করত। মনে করা হয় এই নামকরণটি বিদেশী
ব্যবসায়ীদের করা।
ঢাকাই সূক্ষ্ম কাপড়ের ইতিহাস অনেক পুরোনো।
স্মরণাতীত কাল থেকে এর উল্লেখ পাওয়া যায়। অনেকে মনে করেন রোমান আমলে,
টলেমির যুগেও বাংলার এই বস্ত্র শিল্পের সুনাম ছিল। নবম শতক, চতুর্দশক, ষোড়শ
শতকের পর্যটকরা তাদের লেখনীতে বাংলার উন্নত বস্ত্রের কথা উল্লেখ করেন।
সপ্তদশ, অষ্টাদশ শতকের দলিল দস্তাবেজ থেকে ঐ সময়কার ইউরোপীয় লেখকদের
লেখনীতেও ঢাকার মসলিনের বিবরণ ফুটে উঠে। আনুমানিক ১৫৫০সালে অঙ্কিত দ্য বেরস
এর মানচিত্রে সর্বপ্রথম ঢাকা নামের উল্লেখ পাওয়া যায় আর এই ঢাকা ছিল মসলিন
উৎপাদনের জন্য উৎকৃষ্ট স্থান। আবার ঢাকা অথবা এর আশে পাশে গাজীপুর,
কাপাশিয়া, সোনার গাঁ, ধামরাই, তিতাবাদি, জঙ্গল বাড়ী, বাজিতপুর বিশেষ ভাবে
প্রসিদ্ধ। শীতলক্ষ্যা নদীতীরের এই স্থানগুলির পলি পরা মাটি এবং সেই সময়ের
আবহাওয়া, তুলা চাষের জন্য বিশেষ উপযোগী ছিল। এখানে উৎকৃষ্ট মানের তুলা
উৎপাদিত হতো। আবার এই জায়গাগুলি বহুকাল ধরে বাংলার রাজধানী ছিল। এখানে
ইরানী, তুরানী,মোঘল, পাঠান, আর্মেনিয়ান, ইউরোপিয়ানরা ঢাকাই মসলিনের ব্যবসার
সঙ্গে সংপৃক্ত ছিল। সেই সময় ঢাকা শহর পরিচিত ছিল পৃথিবীময় মসলিনের কারণে।
মসলিন শিল্প পুরোটাই ছিল দেশজ। পুরো শিল্পটাই তৈরী হতো ঢাকার মাটিতে।
এজন্য কোন পণ্য আমদানী করার প্রয়োজন হতো না। ঢাকার মাটিতে ভাল মানের
কার্পাস তুলা জন্মাতো তার মধ্যে ফুটী কার্পাসই মসলিনে শিল্পর জন্য উপযুক্ত
ছিল। ঢাকার তাঁতিরাই সুতা কাটত,তারাই কাপড় বুনত, বাঁশ কাঠ ব্যবহার করে
তারাই তাঁত বানাত। সামান্য লোহার প্রয়োজন হত তাতেও দেশীয় লোহা ব্যবহৃত হত।
নিজেদের বাড়ির উঠানই ছিল এই শিল্পের জন্য নির্দিষ্ট কারখানার স্থান। পনের
থেকে চল্লিশ বছরের তীক্ষ্নদৃষ্টি সম্পন্ন, তীক্ষ্ন অনুভূতি সম্পন্ন মেয়েরা
অবসর সময়ে সুতা কাটত। মসলিন সুতার ব্যাস ছিল ১/১০০০ থেকে ১/১৫০০ ইন্চি
পরিমান। অভিজ্ঞ গবেষকরা দেখেছেন, হাতে কাটা এক গোলা সুতার পুরোটাই সম
পরিমাণ ব্যাসের। এই সুতা এতটাই মসৃন এবং সূক্ষ্ম ছিল যে অনেকেই তা জীন পরীর
মত অশারীরী জীবের কাজ বলে ধারণা করত। ঢাকাই মসলিন তৈরীই হত রফতানীর
উদ্দেশ্যে যা সেই যুগে পর্যাপ্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করতে সাহায্য
করতো।
এদেশের আবহাওয়ায় বিভিন্ন ধরণে তুলা উৎপাদিত হত ফুটী কার্পাস,
বয়রাতি কার্পাস, ভোগা কার্পাস ইত্যাদি। মোটা কাপড় বুননের জন্য ভোগা কার্পাস
ব্যবহার করা হত আর মসলিন উৎপাদনের জন্য ফুটী কার্পাসই ছিল উত্তম। ১৮৫১
সালে বিলেতে এক প্রদর্শনীতে বিশিষ্ট গবেষক জেমস টেলন দেখেছিলেন, এক পাউন্ড
ওজনের একটা সুতার গোলা যার দৈর্ঘ্য ২৫০ মাইল। এ থেকে মসলিনের সূক্ষ্মতা
বিষয়ে একটি ধারণা পাওয়া যায়।
সে সময় ফুটী কার্পাস যত্ন সহকারে চাষ
করা হত। বীজ খুব ভাল ভাবে শুকিয়ে পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করা হত। এই
তুলা বিশ্বের সকল তুলার চাইতে সূক্ষ্ম ছিল। এই তুলার আইশ ছিল দীর্ঘ,
মোলায়েম এবং সূক্ষ্ম। চারা গাছের রং ছিল লাল, পাতার শিরাবিন্যাস ছিল লাল,
পাপড়ির চারিদিকে লাল রংএর বর্ডার ছিল। এই তুলার বিশেষ লক্ষনীয় বৈশিষ্ট্য
ছিল এই যে, এই সুতায় পানি পেলে তা না ফুলে সংকুচিত হয়ে পরতো। এই সুতায়
প্রস্তুত কাপড়ের বুননী ঘন ও মজবুত ছিল। আর এই বৈশিষ্ট্য়ই মসলিন কাপড়ের
অনন্য বৈশিষ্ট্য।
সুতা তৈরির পর তাঁতিরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে
সুতাগুলো শক্ত করত। কখনো পানিতে ভেজাতো, কখনো বা রৌদ্রে শুকাতো, কখনো খৈএর
মাড় দিয়ে ছায়াতে শুকাতো আবার কখনো বা চুনের পানি ব্যবহার করতো। কখনো কাঠ
কয়লার গুড়া ব্যবহার করা হত। ভেষজ রং ব্যবহার করতো কাপড় বর্ণিল করার জন্য।
সে রংও ছিল একেবারে পাকা। বিশেষ বিশেষ উদ্ভিদ থেকে এই রং তৈরী করা হত।
অপরিপক্ক সুতা কাটুনীদের হাতের সুতা অসমান হলেও খালি চোখে তা বোঝার উপায়
ছিল না। তবে সুনিপুন সুতা কাটুনীদের সংখ্যা ছিল খুবই সীমিত। এই সর্বোৎকৃষ্ট
সুতা নওয়াব বাদশাহদের তৈরী মসলিনের জন্যই ব্যবহৃত হতো। সেই কারণে সেই সব
বস্ত্রের মূল্যও তুলনামূলক ভাবে অনেক বেশী ছিল। মসলিনের সূক্ষ্মতার উপর
ভিত্তি করে, কারুকাজের উপর ভিত্তি করে মসলিনের বিভিন্ন রকমের নাম ছিল। যেমন
আব-ই- রওয়ান, শবনম, জামদানী, সরবন্দ, নয়ন সুখ প্রভৃতি। তবে মোঘল বাদশাহ্ ও
তাঁর পরিবারবর্গের জন্য তৈরী মসলিন মলমল খাস বা সরকার-ই-আলা নামে পরিচিত
ছিল। মসলিনের নামকরণগুলি হয়েছে ফার্সী ও আরবী শব্দ থেকে। সেইজন্য বলা যায়
মুসলমান আমলেই এর নামকরণ হয়েছে। মুসলমান আমলেই এর বিকাশ লাভ করে এবং মোঘল
আমলে ঢাকাই মসলিনের স্বর্ণযুগ রচিত হয় মোঘল শাসনের সাথে সাথে এর
পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্পের অবনতি দেখা দেয় এক পর্যায়ে তা বিলুপ্ত হয়ে
যায়। যে শিল্প এক সময় তুলা উৎপাদন থেকে শুরু করে সকল পর্যায়ে লাভজনক ছিল এই
শিল্প কালের পরিক্রমায় একদিন তা হারিয়ে যায়।
মসলিনের মূল্য
নির্ধারিত হত কাপড়ের দৈর্ঘ্য, ওজন ও সুতার সংখ্যার উপর ভিত্তি করে। টানা ও
বানার সুতার সংখ্যা গণনা করা হত। অর্ডিনারী, ফাইন, সুপার ফাইন, ফাইন সুপার
ফাইন বিভিন্ন ভাবে বিবেচিত হত। ঢাকাস্থ ইংরেজ বণিক কোম্পানীর দলিল থেকে
রপ্তানীকৃত বিভিন্ন মসলিনের নাম ও মূল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। মলমল
খাসে ১৮০০ থেকে ১৯০০টি পর্যন্ত সুতা ব্যবহৃত হত। ওজন ৬/৭তোলার বেশী ছিল না।
সুতার পরিমাণ এর চেয়ে কম হলে সুতা মোটা হত, ওজন বেশী হত এবং পর্যায়ক্রমিক
ভাবে সুতার সংখ্যার উপর ভিত্তি করে দাম কমতে থাকত। ১৭৭২ সালে আওরঙ্গজেবের
জন্য তৈরী করা হয়েছিল একখন্ড আব- ই-রওয়ান। কাপড়টির ওজন ছিল ৫ তোলা এবং
মূল্য ছিল ৪০০ টাকা। দুই পাশে তক্তা দিয়ে মসনিন গাইট করা হত মসলিন রপ্তানির
জন্য। সম্রাটদের জন্য তৈরী কাপড় বাঁশের দুই গিটের মধ্যের ফাঁকা জায়গায়
গুছিয়ে রাখা হত। সে সময় তাঁতিরাও সুখে থাকত।
ভিক্টোরিয়া অ্যালবার্ট
মিউজিয়ামে সংরক্ষিত আছে বিভিন্ন ধরণের মসলিন বস্ত্র শাড়ি, ধুতি, পাগড়ি।
বাংলাদেশে ঢাকা মিউজিয়ামে সংরক্ষিত মসলিনখানির দৈর্ঘ্য ১০গজ ও চওড়া ১ গজ,
ওজন মাত্র ৭ তোলা।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কোন একটি
শিল্পের চাহিদা কোন এক সময় গগনচুম্বী হয়ে উঠে কালের পরিক্রমায় সময়ের
আবর্তনে আবার অন্য একটি শিল্প সেখানে স্থলাভিসিক্ত হয়। মসলিনের ক্ষেত্রেও
ঠিক এমনটি হয়েছিল। বিশ্বের দরবারে মসলিনের বিপুল চাহিদা থাকা সত্বেও শুধু
পৃষ্ঠপোষকতার অভাবে এই সোনালী শিল্পটি পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। ১৮৪৪
সালে ডানবার দুঃখ করে বলেছিলেন," যে মসলিন শিল্প পৃথিবীময় সুনাম অর্জন
করেছিল, তার নামও আর কেউ মনে রাখবে না।"
যখন বাংলার মাটিতে এই
বাংলার বস্ত্রশিল্পীরা নিজেদের তৈরী তাঁতে বস্ত্র উৎপাদন করতো তখন বিলাতে
বাষ্পীয় ইন্জিনের আবির্ভাব হয়। আর এই বাষ্পীয় ইন্জিনের দ্বারা তৈরী মেশিনে
উৎপাদিত সুতা এবং কাপড়ের মূল্য অনেক কম। সেই সস্তা সুতা ইংরেজরা এদেশে
আমদানী শুরু করে এবং বাধ্য করে সেই সুতা ব্যবহার করে বস্ত্র উৎপাদন করতে।
ইংরেজ শাসন শুরুর সাথে সাথে তারা মসলিনের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে
ফলে,রপ্তানী প্রক্রিয়া ব্যহত হতে শুরু করে। মোঘল বাদশাহ বা তাঁর আমত্যবর্গ
ঢাকাই মসলিনের জন্য যে ধরণের পৃষ্ঠপোষকতা ছিল ইংরেজ শাষকদের মধ্যে তা ছিল
না। মোঘল সাম্রাজ্য পতনের সাথে সাথেই অভাব দেখা দেয় মসলিন তাঁতিদের
পৃষ্ঠপোষকতার। এই শিল্প যারা শতাব্দীর পর শতাব্দী প্রাণ দিয়ে লালন করেছিল
ব্রিটিশ শাসকেরা তাদের প্রাণের দিকটি বিবেচিত করল না, বিলাতী শিল্প
সংরক্ষণের জন্য ইংরেজরা পাকভারতীয় বস্ত্র বিলেতে আমদানী নিয়ন্ত্রণ করেছিল
কিন্তু এই উপমহাদেশের স্বার্থ রক্ষার জন্য কোন ধরণের নীতি তারা গ্রহণ করে
নাই। গরীব তাঁতিরা উচ্চ হারে সুদে টাকা নেওয়ার ফলে পরিবার পরিজন নিয়ে সারা
বছর ধরে সূক্ষ্ম মোলায়েম একটি মসলিন শাড়ী তৈরী করতো তা দিয়ে তাদের ভরণ
পোষণ চালানো কঠিন হয়ে যেত। ক্ষেত্র বিশেষে ইংরেজরা তাঁতিদের উপর নির্যাতন
চালাত বিলাতী সুতা দ্বারা মসলিন উৎপাদনের জন্য কিন্তু এই দেশী তাঁতিরা
বিলেতী সুতায় মসলিন উৎপাদনে অপারগ ছিল। মসলিন তৈরীর করার জন্য সুতার যে
ধরনে গঠনশৈলী থাকা প্রয়োজন ছিল ঐদেশী সূতার তা ছিল না। ফলে স্বেচ্ছায়
তাঁতিরা সেই পেশা থেকে নিজেদের গুটিয়ে নেয়। যে মসলিন একদিন সকল সম্প্রদায়ের
জন্য লাভজনক ছিল তা তখন গুটিকয়েক মুনাফাখোরী ব্যবসায়ীর দখলে চলে যায়। ফলে,
কার্পাস চাষীরা তুলা উৎপাদন কমাতে কমাতে এক সময় বন্ধ করে দেন। সুতা কাটা
এবং কাপড় বুননও এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। নিজেদের আঙ্গুল কেটে পরিত্রান
পাবার বিষয়টিও বিবেচনা সাপেক্ষ তবে ইংরেজ দ্বারা অঙ্গুলি কর্তন এর সপক্ষে
১৯২৫সালে গবেষক অধ্যাপক যোগীশচন্দ্র সিংহ কোন প্রমান যোগাড় করতে পরেননি।
লোকমুখে প্রচারিত, সোনারগাঁর সেই পুকুরটি, আজও ঢাকাই মসলিন তাঁতিদের
হাহাকারের সাক্ষ্য প্রদান করে যেখানে কর্তিত অঙ্গুলি নিক্ষেপিত হয়েছিল।
ইতঃপূর্বে মসলিন নিয়ে অনেক দেশেই গবেষণা শুরু হয়েছে কিন্তু সেই গবেষণা
বেশীদুর এগিয়ে যেতে পারেনি তাই চিন্তাশীল গবেষক অধ্যাপক যোগীশ চন্দ্র সিংহ
শেষ পর্যন্ত বলেছিলেন," মসলিন গবেষণা ঢাকার মাটিতে বসেই করতে হবে।"
প্রায় দুইশত বছর পূর্বে হারিয়ে যাওয়া পুরাতন এই ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনার
জন্য ২০১৬ সালে বাংলাদেশের এক দল নিভৃত স্বপ্নচারী গবেষক মসলিন গবেষনায়
নিয়োজিত হয়েছেন,যা দেশবাসীর জন্য এক আশার আলো। নিবিড় গবেষণার মাধ্যমে
মসলিনের তুলা ও সুতা তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার, মসলিন সুতা ও কাপড় উৎপাদন
এবং বাংলাদেশের সোনালী ঐতিহ্য ঢাকাই মসলিনের হৃত গৌরব ফিরিয়ে আনাই গবেষক
দলের লক্ষ্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন