আমাদের পি এন স্কুলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এডের শিক্ষার্থীরা এসে ক্লাস নিতেন। ওই সময় আমাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে তাঁদের পার্থক্য করা যেত না। তাঁরাও স্কুলের সকল শিক্ষকদের সঙ্গে এসেম্বলির সামনে দাঁড়াতেন, সূরা পাঠের সময় আপারা সবাই মাথায় কাপড় দিতেন, অন্যান্য শিক্ষকদের মতই বাংলা, ইংরেজি, অংক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ক্লাস নিতেন। শিক্ষক রুমেই বসতেন। এক সঙ্গে বসে টিফিন খেতেন। সাধারণত তাঁরা আমাদের তিন মাস পড়াতেন। তিন মাসের মাথায় টিচার্স ট্রেনিং কলেজের পরীক্ষক এসে পরীক্ষা নিতেন। পরীক্ষা শেষ হলে তাঁদের সাথে সখ্যতা হবার আগেই উনারা চলে যেতেন। কখনো তাঁদের সাথে আমাদের আর দেখা হতো না। পাড়া প্রতিবেশী অথবা আত্মীয়-স্বজন হলে বিষয়টা আলাদা।
বি এডের শিক্ষার্থীরা যখন ক্লাস নিতেন ভীষণ রকম পরিপাটি থাকতেন। স্যারেরা টাই ব্যবহার করতেন, বেশিরভাগ সময় সাদা শার্ট, কালো প্যান্ট পড়তেন, স্পষ্ট উচ্চারণে শুদ্ধ বাংলায় কথা বলতেন। একটা বিষয় ছিল উনারা অনুশাসন করলেও কখনো শাসন করতেন না। কোন হুকুমদারি থাকতো না বরং নজরদারি থাকতো।
সাদা ধবধবে চুল দাড়িওয়ালা টিচার্স ট্রেনিং কলেজের একজন শিক্ষক এসে একটি ডায়রীর উপরে নম্বর পত্র নিয়ে মার্কিং করতেন। উনার বাসা ছিল আমাদের পাড়াতেই, বোর্ড চেয়ারম্যানের বাড়ির সামনে, বাসার নাম ছিল "মৌচাক"। তাই হরহামেশাই ঐদিকটায় উনাকে দেখতাম। উনার অবয়বে ছিল একটি শান্ত স্নিগ্ধ সৌম্য ভাব। যতদিন স্কুলে টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষার্থীদের আসতে দেখেছি ততদিন ওই একজন শিক্ষককেই মার্কিং করতে দেখেছি।
পরীক্ষার দিনটিতে আমাদেরকে ক্লাসের পড়াটা বাসা থেকে ভালোভাবে করে আসতে বলা হতো। উনারা নির্দিষ্ট একটা অধ্যায় সিলেক্ট করে দিতেন। প্রশ্ন জিজ্ঞেস করতেন, বলতো "সামান্য ক্ষতি" কবিতার লেখকের নাম কি? পৃথিবীতে মালভূমি কত রকমের? ব দ্বীপ বলতে কি বুঝ? ইংরেজি বই থেকে রিডিং পড়তে বলতেন। কখনো কখনো পরীক্ষক এসে চুপি চুপি পেছনের দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। চুপিসারে পড়ানোটা লক্ষ্য করতেন। ক্লাস রুমে দুটো দরজা ছিল, পেছনের দরজার পাশে দাঁড়ালে উনাকে দেখা যেত না। কোন ছাত্রী ইশারায় স্যার বা আপাকে উনার উপস্থিতির বিষয়টা জানাতো না এমনটি নয়, উনারা পরীক্ষকের উপস্থিতি ঠিকই বুঝে নিতেন। পরে উনি সামনের দরজা দিয়ে এসে আমাদের কাউকে কাউকে কিছু প্রশ্ন করতেন। স্যার বা আপার সাথে সাথে আমাদেরও পরীক্ষা হয়ে যেত, সেই পরীক্ষায় আমাদের জন্য প্রশ্ন থাকতো, উত্তর দিতে হতো কিন্তু কোন নম্বর পত্র থাকত না, নম্বর বরাদ্দ হতো শুধুমাত্র স্যার আপাদের জন্য।
১৯৭২ সাল, এপ্রিল মাস। শীত কমলেও তেমনভাবে গরম পরেনি। একজন আপার বিয়ে ঠিক হল, তখন উনি আমাদের ক্লাস টিচার। পড়ানোর ফাঁকে কোন এক সময় রুনু আপা উনার বিয়েতে আমাদের দাওয়াত দিলেন। স্কুল টিচার সুফিয়া আপার মেয়ে জলি আমাদের সঙ্গে পড়তো। জলি ছিল হাসিখুশি, করিৎ কর্মা, গান গাইতো, ব্লুবার্ড করতো, গার্লস গাইড করতো। জলি রুনু আপার বেশ পরিচিত, সম্পর্কের গভীরতা ছিল উনাদের মধ্যে। তবে আত্মীয়তার সম্পর্ক না পাড়া-প্রতিবেশীর সম্পর্ক তা আমার জানা ছিল না।
১৫-১৬ জনের মত হবো আমরা বাসা থেকে বিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি পেলাম। জলি উদ্যোগী হয়ে চাঁদা তুলল, জনপ্রতি ৫ টাকা। ও নিজে দশ টাকা আর ওর বেস্ট ফ্রেন্ড রওশন দিল দশ টাকা। ওরা দুইজন সেই ২০ টাকা দিয়ে সবুজাভ রঙ্গের একটা ভ্যানিটি ব্যাগ কিনলো। আর আমাদের টাকা দিয়ে খুব সম্ভব কাঁচের উপহার সামগ্রী কিনেছিল, এটা হতে পারে ফুলদানি কিংবা হতে পারে কাপ পিরিচ সেট, এখন আর মনে নেই। দুটো গিফট সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয়েছিল। সেই যে সবুজাভ রংয়ের ভ্যানিটি ব্যাগ আমার স্মৃতিতে আজও অমলিন, হয়তো গিফ্টটি আমার দৃষ্টিতে ব্যতিক্রমী ছিল!
তখন ছুটির দিন ছিল রবিবার। ঠিক হলো ছুটির দিনে আমরা সবাই স্কুল গেটে জড়ো হব এবং রিকশায় করে আমরা বিয়ে বাড়িতে যাব। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমরা স্কুল গেটে আসলাম, আপার বাসাটা ছিল হোসেনীগঞ্জে, ফায়ার ব্রিগেডের কাছে। বাসা থেকে স্কুল পর্যন্ত ভাড়া নিল চার আনা আর স্কুল থেকে হোসেনীগঞ্জ পর্যন্ত ভাড়া নিল চার আনা। আমরা দলনেত্রী জলির সঙ্গে ১৫-১৬ জনের একটা টিম বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। ওই এলাকাটা আমার ভীষণ পরিচিত, ওখানে আমার দাদীর বাসা। হর হামেশাই আমরা মার সঙ্গে সেখানে যেতাম, দাদী সব সময় আমাদের আদরে আদরে ভরিয়ে রাখতেন। বুড়ো দাদা শুধু আরাম কেদারায় শুয়েই থাকতেন। এমনকি বাবার বিরুদ্ধে মার অভিযোগের জায়গা ছিল ওই দাদী। উনি আমাদের এক দাদার দ্বিতীয় বউ ছিলেন, তাঁর নিজস্ব কোন সন্তান ছিল না, প্রথম দাদীর বাচ্চারাই ছিল তার সন্তান। নাতি পুতি নিয়ে ভরপুর সংসার ছিল দাদির। প্রথম বৌ মারা যাওয়ার পর দাদা দ্বিতীয় বিয়ে করেছিলেন। নিঃসন্তান দাদীর আমাদের প্রতি ভালোবাসাটা ছিল অকৃত্রিম, গভীর। রাজশাহীর প্রথম হাসপাতাল হল সদর হাসপাতাল, যার অবস্থান ছিল হোসেনী গঞ্জে দাদি বাড়ির পাশেই আর সেখানেই আমার জন্ম, তাদারকিতে ছিলেন দাদি। আমার স্মৃতিতে তাই আজও জীবন্ত, সেই দিক দিয়ে বিয়ে বাড়ি অভিপ্রায়ে অভিযান।
তখন আমরা ষষ্ঠ শ্রেণির ছাত্রী, বয়স ১০ বছর অতিক্রম করেছে, কেউই ফ্রগ ছাড়িনি। সবার পরনে রং বেরঙের পোশাক। বেশ মনে আছে মা আমার চোখে কাজল টেনে দিয়েছিলেন। রিকশা গিয়ে থামলো একটি বাড়ির সামনে। মাদ্রাসা মাঠের উত্তর দিকে রাস্তার পাশে সেই বাসা। প্রায় শত বছরের পুরাতন জরাজীর্ণ বাসাটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরটির জায়গায় জায়গায় শ্যাওলা এবং ফার্নে আচ্ছাদিত, কোথাও কোথাও বট পাইকরের শিকড় প্রাচীরটিকে আঁকড়ে ধরেছে। লোহার শিক দিয়ে নির্মিত ছোট্ট গেট। তাতে কালো রং করা ছিল কিন্তু সে রং এখন বিবর্ণ। গেট পার হলেই এক চিলতে বাগান তাতে অযত্নে বেড়ে উঠা কিছু স্নেক প্লান্ট, কিছু পাতাবাহারের গাছ ধুলায় ধুসরিত, ম্রিয়মান কিছু গোলাপের গাছ আর বাগানের এক কোণে বিশাল এক কাঁটা মেহেদী যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উঁচু বারান্দার ডানদিকে বেশ বড় একটা ঘর। বড় বড় লম্বাটে জানালায় লম্বা লম্বা লোহার শিক, দুই পাল্লার খিলওয়ালা দরজা, ঘরের মেঝের বেহাল দশা। ঘরের মেঝে সাদা কাপড় দিয়ে মোড়ানো। ওখানেই আমাদের বসতে বলা হলো। আমরা দরজার বাহিরে স্যান্ডেল জোড়া রেখে সহাস্য বদনে দেয়ালের দিকে পিঠ করে মেঝের উপর পাশাপাশি বসলাম। বিয়ে বাড়ির কোন হইচই নেই, লোকজন তেমন দেখা গেল না, এমনকি বাড়িতে আপার ভাই বোন, বাবা মা অন্য কাউকে তেমন দেখাম না। হয়তো তারা বাড়ির ভেতরে যে যার মত কাজে ব্যস্ত। এমনকি আমরা ছোটবেলায় লাল, নীল, সবুজ, হলুদ রঙের পাতলা এক ধরনের কাগজ কেটে শিকল বানিয়ে গেট সাজাতাম, দেওয়াল সাজাতাম, কাগজে নকশা কেটে দরজার উপরে লাগাতাম তেমনটাও দেখা গেল না।
আপা ছিলেন গোসলখানায়। গোসল সেরে আমাদের সামনে এসে বসলেন, হালকা রঙিন সুতি শাড়ি, নাকফুল আর এলো চুলে ওনাকে ভারী মিষ্টি দেখাচ্ছিল। আমাদের অন্যান্যরা আপার সাথে কথা বলছিল এবং বেশ মজা করছিল, মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠছিল, আমার বেশ ভালই লাগছিল। আমি নিরব দর্শক মাত্র। আমরা যখন ওই বাড়িতে প্রবেশ করি তখন ঘড়ির কাঁটা বারোটা অতিক্রম করছে। ঘরের মধ্যে বসে ছিলাম সবার সঙ্গে, দেখতে দেখতে এক ঘন্টা অতিক্রান্ত হল। আমি তখন একটু ভেতরের দিকে বারান্দায় গিয়ে উঠানের দিকে দৃষ্টি রাখলাম। হালকা আয়োজন চলছে কিন্তু তেমন হইচই বা জোরালো প্রস্তুতি নেই। দু'চারটা বড় ড্যাগ, গাছ ফাড়া খড়ি আর ফোল্ডিং কিছু চেয়ার-টেবিল দেখতে পেলাম। মনে হল, অতিথি শুধুমাত্র আমরাই।
ইতিমধ্যে একজন মহিলা এসে উঁকি দিয়ে আমাদের দেখে গেছেন। এক ফাঁকে উনি আপাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুই কি ওদের আসতে বলেছিলি?
- হ্যাঁ
- এখন কি খেতে দেব? এতগুলো মেয়ে!
- যা হয় কিছু একটা করে দাও।
তাঁদের দুজনের কথায় এতোটুকু বুঝলাম আমাদের আগমনে তারা অপ্রস্তুত।
উঠানে খড়ির চুলায় ভাত রান্না হল, তারপরে রান্না হলো শুধু আলু দিয়ে আলু ঘাটি। উঠানে ফোল্ডিং টেবিল চেয়ারে বসিয়ে আমাদের খেতে দেওয়া হল। আমাদের মাথার উপরে বিশাল আকারে নুইয়া পরা পেয়ারা গাছটি থেকে দু চারটা শুকনা পাতা এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল। উঠানটিতে কোন এক সময় ইট বিছানো হয়েছিল সেই ইটেরও এখন ভগ্ন দশা। চুলা থেকে সদ্য নামানো ভাত, তরকারি থেকে গরম ধোঁয়া উঠছে, কুণ্ডলী পাকিয়ে সেই সাদা ধোঁয়া উপরের দিকে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমি শুধু ঠোঁট দুটো দিয়ে ফু ফু করতে করতে ঠান্ডা করার চেষ্টা করছি। আমরা অপেক্ষা করলাম হয়তো অন্য কোন তরকারি আসবে কিন্তু না, এলো না।
১০ মিনিটের মধ্যে খেয়ে ওঠে আপার কাছ থেকে বিদায় নিয়ে যে যার মত বাড়ি ফিরে গেলাম। বোধকরি নিজেকে এতটা অপাঙক্তেয় এর আগে কখনো অনুভব করিনি।
বাড়িতে আসতেই খুশী মনে মা জিজ্ঞেস করলেন, বিয়ে বাড়িতে কেমন সময় কাটলো? কি দেখলি? কি খাওয়ালো?
আমি শক্ত করে মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কন্ঠে বললাম, মা তোমাকে ছাড়া আর কোনদিন কোন বিয়ে বাড়িতে যাব না।
পরদিন স্কুলে কেউই বিষয়টা নিয়ে মুখ খুললো না।
জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বহু বিয়ে বাড়িতে গিয়েছি কিন্তু উত্তাপহীন কোন বিয়ে বাড়িতে গিয়ে এই ধরনের বিচিত্র অভিজ্ঞতা আর সঞ্চয় করতে পারিনি।