তখন আমি মহিলা কলেজে পড়াই। বেশ কয়েক বছর হয়ে গেছে চাকুরী করছি। বাংলায়
অনার্স থাকলেও অন্য কোন বিষয়ে অনার্স পড়ানো হয় না। আমি শুধু মাত্র একাদশ আর
দ্বাদশ শ্রেনীতে পড়াই তাই ছাত্রীদের সঙ্গে আমার বেশ সখ্যতা। এইচ এস সি
পরীক্ষা শুরু হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার দিন মেয়েটি বেশ
অসুস্থ বোধ করে। মেয়েটি বাইরে যেয়ে চোখে মুখে পানি দেয়, বেশ কিছুক্ষন
বিশ্রাম নেবার পর লিখতে শুরু করে এবং শেষ পর্যন্ত ভালই লেখে কিন্তু ও
দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে এল না। প্রত্যেকেই পরীক্ষা দিল ও এল না। আমি
যখন স্বাক্ষর নিচ্ছিলাম দেখলাম ওর স্বাক্ষর নেই।
ও যখন পরবর্তীতে পরীক্ষা
দিতে এল তখন জিজ্ঞেস করলাম, " গতকাল কি হয়েছিল? তুমি পরীক্ষা দিতে এলে না
কেন?"
জবাবে ও জানাল," ম্যাডাম রুটিনটি ফটোকপি করেছিলাম, কিন্তু ঐ
জায়গাটি উঠেনি তাই ভেবেছিলাম পরীক্ষাটি পরে আছে। আমি অনেক বড় ভুল করেছি
ম্যাডাম! ও কিন্তু মনোবল নিয়ে বাকী পরীক্ষাগুলো দিল এবং ভাল ভাবেই দিল।
অবশেষে রেজাল্ট হল। ওর এক বিষয়ে ফেল হবার কথা কিন্তু আশ্চর্য্যের বিষয় হল,
ও পরীক্ষা না দিয়েও ঐ বিষয়ে পাশ করেছে এবং প্রথম বিভাগ পেয়েছে।
আমার
প্রশ্ন হল যখন খারাপ রেজাল্ট হয় আমরা বোর্ড চ্যালেন্জ করি, এত কম নম্বর
পেলাম কেন? বা ফেল করলাম কেন? কিন্তু যখন এক পত্র পরীক্ষা না দিয়েও প্রথম
বিভাগে পাশ করি তখন কি আমরা বোর্ড চ্যালেন্জ করি?
আমি একটি সহজ হিসেব
কষলাম। যখন টেবুলেশন হচ্ছিল কোন একজন শিক্ষক সব বিষয়ে ভাল নম্বর দেখে অন্য
নম্বরগুলোর সঙ্গে মিল রেখে ঐ শূন্য ঘরটি পূরণ করে দেয়, তা না হলে এমনটি হয়
কিভাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন