কখনও দেখি বাচ্চা দুটি রেলিং ধরে দাঁড়িয়ে আছে, মনে হয় বন্দী রাজকুমার আর রাজকুমারী, কখনও দেখি ফুলের টবে পানি দিচ্ছে, কখনও দেখি ছোট ভাইটি অকারণে বোনটিকে গাট্টা দিচ্ছে। মেয়েটি বড্ড লক্ষী ভাইটিকে কিচ্ছু বলে না। কখনও কখনও আপি আপি করতে করতে বোনটিকে অস্থির করে তোলে। কখনও বা খেলনা তিনতলা থেকে ফেলে দেয়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বোঝা দায়। দড়ি দিয়ে একটি ঝোলা নামিয়ে দিয়ে আমাদের দারোয়ান ভাইকে স্বগৌরবে ডাকতে থাকে, খেলনাটি তুলে দেবার জন্য। ইতিমধ্যে খেলনাটি কয়েক টুকরো।
বেচারা দাদুভাই তুলে দিতে দিতে বলে," দাদুভাই ভেঙ্গে গিয়েছে"।
উনি টুকরো গুলো তুলে দেন কিন্তু একটি ছোট লাল টুকরা উনার দৃষ্টি এড়িয়ে যেতেই দোদ্যুল বলে উঠে, "দাদুভাই ঐ যে আরেক টুকরা।
দাদুভাই বলে, " এটা তো একেবারেই ছোট, আমি তো দেখতেই পাইনি।"
সত্তর বছরের প্রৌঢ়ের পক্ষে মাজা নুইয়ে খেলনার টুকরা কুড়ানো সত্যিই কঠিন কাজ। তাছাড়া রাস্তার উপরে চলন্ত কোন যানবাহন আসাও বিচিত্র নয়। সে দিকে দোদ্যুলের কোন ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে দুচাকার ছোট্ট স্কুটি চক্কর দেয় গোটা বাড়ি, কিছু যে ভাঙ্গল, তাতে ওর কিচ্ছু যায় আসে না। মাঝে মধ্যে কচি কন্ঠে গান ভেসে আসে। মা, বাবা, আর নানা সুর মেলায় তাতে। জীবন্ত ক্যানভাসে এই সব ছবি দেখতে আমার কিন্তু দারুন লাগে!
ওদের মা কখনও দক্ষিনের এই বারান্দায় বসে খবরের কাগজ পড়ে, কখনও মুখে হলুদ চন্দন মেখে বসে থাকে। ওদের বাবা অফিস যাবার পথে বাচ্চা দুটিকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। অধ্যক্ষ সহেবের মেয়ে তার বাবাকে সঙ্গে নিয়ে বাজার করে। একদিন দেখি মেয়ে এক হাত দিয়ে ছাতা ধরে আছে, দুজনের হাত ভর্তি বাজার। কি যে ঝুম বৃষ্টি সেদিন! প্রতিদিন সকালে মোবাইল হাতে পায়চারি করতে করতে প্রয়োজনীয় কথা সারেন উনি, বিকেলের নামাজ সেরে খানিকটা কুরআনের আয়াত পড়েন। বারান্দায় রাখা চেয়ার দুটিতে বসে বেগমে সঙ্গে গল্প করেন। রঙ্গিন শাড়ি পরিহিতা বেগমটি তার এখনও যেন নববিবাহিতা।
ওদের বারান্দার পাখি গুলোর ডাকে আমার ঘুম ভাঙ্গে। দুই ভাই বোন পালা করে খাবার দেয়। বারান্দায় বেশী রোদ পরলে পাখিগুলি কাপড় দিয়ে ঢেকে দেয়। মাঝে মাঝে ঝাঝরি দিয়ে পানি দিয়ে ছুটির দিনে ওদের গোসল করায়। ভেঙ্গে যাওয়া ভেন্টিলেশনে একজোড়া চড়ুই এর বাস। সারাদিন ফুরুৎ আর ফুরুৎ। আমার বারান্দার অতিথী ওরা, ছিটিয়ে রাখা দানা আর পানি খেতে আসে।
ওদের বাগানে যখন ফুল ফোটে, আমার তখন আরও ভাল লাগে। মনে হয় ফুলগুলি আমার জন্যই ফুটেছে। তজবি হাতে ওদের নানি ছোট ছোট কথা বলে পাড়ার বৌ ঝিদের সঙ্গে সবই ক্যানভাসে ভাসে অকপটে। একদিন ওদের মা মৃদুলের স্কুল ড্রেস ধুয়ে মেলে দিল, গুনে দেখি চার চারটে একই ড্রেস। দুটো হলেই তো হয়, তা বলে চারটি! এ নির্ঘাত বাড়াবাড়ি! অপচয়! ওদের ক্যানভাসেও ভাসে কিছু ব্যতিক্রমী চিত্র যেখানে আছে শিল্পীর বৈচিত্র্য।
আমার বাচ্চা গুলো আর বাচ্চা নেই তাই ওদের দেখলেই আমার শুধু আমার সন্তানদের ছোট বেলার কথাই মনে পড়ে। ওদের শেখাতাম,
" ঠাঁই নাই, ঠাঁই নাই
ছোট এ তরী,
আমারই সোনার ধানে গিয়েছে ভরি।"
আমারই সোনার ধানে গিয়েছে ভরি।"
একদিন ঝড়ে ওদের একটি কাপড় উড়ে এসে পড়ল আমার বারান্দায়, ফেরৎ নিতে এল ওরা। আমার যে কি আনন্দ! কোথায় বসাই, কি খাওয়াই! মৃদুলকে নিয়ে চিন্তা নেই, দোদ্যুল যে বড্ড দস্যি!
প্রতিদিন একটি ছেলে ওদের বাসায় দুধ দিতে আসে। ছেলেটির বয়স ১৫/১৬ হবে। বেশীর ভাগ দিনই প্যান্ট সার্ট পরে আসে। সাইকেলের হাতলে ঝুলিতে রাখা একটি দুধের বোতল বের করেই জোড়ে জোড়ে হাঁকতে থাকে, " আনটি দুধটা নেন"। শুধু একবার বলতেই আনটি থলে নামিয়ে দেয় দড়ির মাথায় করে আর ও থলের ভেতরে দুধের বোতল দিয়ে দেয়। আনটি থলেটি আবার দড়ি টেনে উপরে তুলে নেয়।
কলেজ যাবার আগে যখন আমি সকালে রান্না ঘরে রান্না করি, প্রতিদিন ওর ঐ আওয়াজ আমার কর্ণ কুহরে প্রবেশ করে। আমি শুনতে চাই না তবু শুনতে হয়। গলাটা ফ্যাসফেসে। এই বয়সটি গলার স্বর পরিবর্তনের সময়। তবুও ঐ কন্ঠই আমাকে শুনতে হয়। মনটা উতলা হয়ে উঠে। মনে হয় আরও একটি দিন আমার জীবন থেকে কমে গেল। প্রতিদিন কলেজে যাই, কত কাজ করি, কত কথা শুনি! কিন্তু দুধওয়ালার ঐ একটি আওয়াজ প্রতিদিন ঐ একটি কথাই আমাকে মনে করিয়ে দেয়। গ্রীষ্ম, বর্ষা, কি শীত! ও একদিনও আসতে মিস করে না।
সকলকে নববর্ষের শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন