৩০ এপ্রি, ২০১৬

বহিঃপরীক্ষক হওয়ার প্রথম অভিজ্ঞতা

২০০৩ সালে রাজশাহী কলেজে যোগদানের সঙ্গে সঙ্গেই সব ধরণের যোগ্যতা অর্জন করে ফেললাম। এর আগে বিভিন্ন কলেজে চৌদ্দ বছর চাকুরী করেও আমার কোন যোগ্যতা ছিল না! আমার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা আসতে শুরু করল, বহিঃপরীক্ষক হবার চিঠি আসতে শুরু করল। সত্যি কথা বলতে কি এতদিন পর আমি শিক্ষক হবার দক্ষতা অর্জন করলাম! যেহেতু আমি আগে এ কাজগুলো করিনি তাই বিড়ম্বনা শুরু হল।


বহিঃপরীক্ষক হিসেবে প্রথম নিয়োগ ভবানীগন্জ কলেজ, বাঘমারা। নামও শুনিনি ঐ কলেজের। সহকর্মীদের জিজ্ঞেস করতেই তারা কলেজটির বিশদ বিবরণ দিলেন এবং যেয়ে অভিজ্ঞতা সন্চয়ের পরামর্শ দিলেন।

একা যাবার অনুমতি পাওয়া যাবে না তাই ড্রাইভার সাহেবকে রাজী করিয়ে লং ড্রাইভে গেলাম। সকালে রওনা দিয়ে, শহর ছেড়ে ছোট বড় বিভিন্ন সাঁকো পার হয়ে, গ্রামের সরু সরু রাস্তা দিয়ে, হাট বাজার অতিক্রম করে কলেজ প্রাঙ্গনে পৌঁছালাম। নয়াভিরাম একটি কলেজ। বর্ষার পর পুরো কলেজ যেন জলের উপর ছবির মত ভাসছে। বর্ষা নেই কিন্তু তার রেশটুকু বেশ দৃশ্যমান। সাদা ধপধপে দালান। বেশ বড় খেলার মাঠ। চারিদিকে নারিকেল গাছ রক্ষী কায়দায় দাঁড়িয়ে, মেহগনী, দেবদারু তার শোভা বর্ধন করছে। নিরিবিলি, ছায়াঘেরা একটি পরিবেশ।

গাড়ী থেকে নামতেই একজন এগিয়ে এসে আমাকে নিয়ে গেল। আমি পরীক্ষা কক্ষে গিয়ে দেখলাম, পরীক্ষা শুরু হয়েছে, ছেলেমেয়েরা ভালই লিখছে। এর পর চা নাস্তা খেয়ে স্পটিং এর জন্য বাছাই করলাম কিছু স্পেসিমেন। স্পসিমেন সংখ্যা সীমিত। স্পটিঁং এর সময় ওরা যখন লিখছিল তখন ওরা এতটাই সুশৃংখল এবং নিশ্চুপ ছিল যে, আমি এন. এস. কলেজ, মহিলা কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজেও এত নীরবতা দেখিনি। আমি ভীষণ খুশী হলাম এবং শিক্ষকদের কৃতজ্ঞতা জানালাম, এত সুন্দর অনুশীলন করিয়েছেন তারা!

এর পর মৌখিক পরীক্ষা নেবার সময় দেখলাম, একটি পতঙ্গের উদাহরণ দিতে পারে না, ইলিশ কিংবা রুই মাছের বৈজ্ঞানিক নাম বলতে পারে না, দু চারটে প্রাণিবিজ্ঞানীর নাম অথবা বই এর নাম বলতে পারে না। তখন আমার সন্দেহ হল , তারা এত সুন্দর লিখল কিভাবে? এক ফাঁকে স্পটিং টেবিলের কাছে গিয়ে দেখি, প্রত্যেকটি স্পটিং এর জন্য যাবতীয় লেখা টেবিলের সামনে দেয়ালে টোকা আছে। টেবিলের উপরে তখনো স্পসিমেনগুলো রাখা।

গাড়ি পার্ক করতে করতে ড্রাইভার সাহেবের কানে ভেসে এল," হেভি ম্যাডাম এসেছে, গাড়ী নিয়ে।"

উনাকে নিয়ে শুরু থেকেই অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অনেকেই মেতে থাকলেন বিকেল পর্যন্ত। দুপুরে ভীষণ খাওয়া দাওয়া হল, তারপর বিকেলে চা। বাংলা ভাই এর উথ্থান এবং তাদের অবর্ণনীয় সহিংসতার খবর তখন খবরের কাগজগুলোর নির্ভেজাল প্রচার।

সন্ধ্যার আগেই ড্রাইভার মনজুরের পাশে বসে যখন আলাপ করছি তখন গাড়ী দ্রুত গতিতে ছুটছে, বাঘমারা ছেড়ে যাবার উদ্দেশ্যে। অনুমতি না থাকা সত্বেও, গাড়ীর পেছনে রাখা একটি কলসিতে মাগুর কি শিং মাছের পোনা আর এক বস্তা শুকনা মরিচ, কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে।

এত সুন্দর পরিবেশ, তুখোর ছাত্র,এত আদর আপ্যায়ন, তথাপি ড্রাইভার সাহেব বললেন," আর কক্ষনো এখানে আসার নাম নেবে না।"
গাড়ী ছুটছে... ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন