২৭ জানু, ২০১৬

নির্লিপ্ততায় বিলাসী

২০০২ সালের পরের ঘটনা। মোবাইলের ঝড় এসে গেছে বাংলাদেশেও। ছাত্র-ছাত্রীদের হাতেও দেখা যেতে শুরু করেছে মোবাইলগুলো। মোবাইল কোম্পানিগুলো ব্যবসা শুরু করলেও দাম কমেনি আর মোবাইলের সৌন্দর্য ততটা বিকশিত হয়নি। আন্টেনাওয়ালা মোবাইলগুলো বেশ জায়গা দখল করে থাকত ছেলেদের প্যান্টের পকেটে, মেয়েদের ভ্যানিটি ব্যাগে। সাদা কালো স্ক্রিন সম্দ্ধ এই মোবাইলগুলোতে নেট কিংবা ক্যামেরার ব্যবহার ছিল না। ফেসবুকের জন্মও হয়নি তখন।

এমন একটি সময়ে এক ব্যবসায়ী ভদ্রলোক তার যোগাযোগের সুবিধার জন্য একটি মোবাইল সেট দিলেন আমাদের। যথারীতি সেটটি একদিন হারিয়েও গেল কিন্তু ততদিনে ঐ যন্ত্রটিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাড়িতে তেমন ব্যবহার হয়না ল্যান্ডফোন দিয়েই কাজ চলে কিন্তু বাইরে বের হলে মোবাইলটি সঙ্গে রাখতে হয় বিশেষ করে দেশ বিদেশের বহু মানুষ বিভিন্ন সময়ে ফোন করে। তাই আমরা আবার একটি মোবাইল ফোন কিনলাম।
 

 পরদিন দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয়েছি, রাতে বাইরে খেয়ে বাসায় ফিরব। রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে খেতে ঢুকেছি, খোশ মেজাজে আছি চারজনেই। কোলের উপরে থাকা মোবাইলটি যে কখন ব্যাগসহ পরে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। দুজন ছেলে দূর থেকে দেখেছে গাড়ি থেকে নামার সময় ব্যাগটি পরে যেতে। আমরা রেস্টুডেন্টের ভেতরে বসতেই পেছন পেছন দৌড়াতে দৌড়াতে এসে ব্যাগটি ফিরিয়ে দিতে দিতে বলল, “ম্যাডাম ব্যাগটি পড়ে গিয়েছিল।“ মোবাইলটি নতুন তারা খুলেও দেখেনি। তাদের সততায় মুগ্ধ আমি।

অধঃপতনের এযুগে নির্লিপ্ততায় বিলাসী সে দুটি যুবকের কথা আমার আজও মনে পড়ে...।

২১ জানু, ২০১৬

আগ্রহী সেই ছেলেটি

গতকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভোর রাতে ঝড় বৃষ্টি একসাথে। রাস্তা-ঘাটে পানি জমেছে কোথাও কোথাও। সকালে আমার একটা ক্লাস আছে। এমন বাদল দিনে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকবে এমনটাই স্বাভাবিক কিন্তু আমাকে যেতে হবে। কোন রকমে কলেজে পৌচ্ছে পা টিপে টিপে ধীর গতিতে Department এর দিকে যাচ্ছি। দল-বল নিয়ে অধ্যক্ষ স্যার তদারকিতে ব্যস্ত। প্রাণিবিদ্যা বিভাগে উনি প্রায়শঃই আসেন। চা পান করতে করতে বললেন, 'দু-একজন আসলেও ক্লাস নিতে হবে।'

1st year Hons class. নতুন বছরের প্রথম ক্লাস। এই বিষয়টি অন্য শিক্ষক পড়ান। উনি ছুটিতে থাকার কারনে আমাকে পড়াতে হবে। Topic- 'Origin of life'। আমার জন্য বিষয়টি নতুন তাই রাত জেগে পড়াশোনা করে একটা lecture তৈরী করেছি। ক্লাস ছিল সকাল ন'টায়। বাইরে এদিকে অদিকে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পেয়ে জানলাম ও একাই এসেছে। ক্লাসের শুরুতে ওর রোল নম্বর জানতে চাইলে ও জানাল, এখনও ভর্তি হয়নি, দু'একদিনের মধ্যেই হবে।

প্রায় একঘন্টা পর ক্লাস শেষ করে যখন চলে আসছি ও আমাকে বলল, 'একটা কথা বলব ম্যাডাম! কিছু মনে করবেন না তো! আমি এই কলেজের ছাত্র না। অন্য কলেজে পড়ি। আমাদের ক্লাসগুলো ঠিক মত হয়না তাই ক্লাস করতে এসেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি আপনাকে মিথ্যে বলেছি। ম্যাডাম এখানে কি ক্লাস করা যায়?' ও আরো জানাল, 'আমি এ ক্লাসটির বিষয় গুলো বুঝতে পেরেছি।' ও ওর বই খুলে আমাকে দেখাল Chapter এর নাম- 'Foundation of life'। আমি হতবাক!
আসার আগে শুধু বললাম, 'তুমি ক্লাস করতে চাইলে করতে পারো কিন্ত স্যার ম্যাডামের অনুমতি নিয়ে করবে।


পরবর্তী ক্লাসে আমি নতুন বিষয় পড়াব। আবার একই ভাবে অনেকগুলো নতুন মুখের দেখা পাব। তবে আমার এ চোখ দুটো হয়ত আগ্রহী সেই ছেলেটিকেই খুঁজবে!