নওগাঁর একটি গ্রামের ঘটনা, বলছি ১৯৭১ সালের কথা। তাঁকে আমি জয়বাবা বলেই
সম্বোধন করি। জয় হিন্দু কি মুসলমান তা আমি জানি না কিন্তু জয় একজন তরতাজা
তরুণ, টগবগে লাল রক্ত বইছে তার শরীরে, সে রক্ত বিজয়ের গান গাইছে।
সেও কাল তালিকাবদ্ধ হয়ে গেল। রাজাকার আর বিহারীদের দৌড়াত্ম্য দেশ জুড়ে,
তারা এসে একদিন রাতের আঁধারে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল জয়কে। শুধু
জয়কে নিয়েই তার সংসার। মা প্রার্থনায় বসলেন, যদি কোন ভাবে তার একমাত্র
ছেলে পাকসেনাদের হাত থেকে মুক্তি পায়! যুদ্ধ চলছে চারিদিকে, রাত এলেই
আতঙ্ক। কার ঘর খালি হয়! দলে দলে মানুষ চলে যাচ্ছে ভারতে দেশ ছেড়ে। তার মা
তাকে বার বার বলেছে, " জয়, তুই চলে যা, আমার যা হয় হবে।" কিন্তু জয় গেল না।
পাক সেনারা ওকে ক্যাম্পে নিয়ে যেয়ে রাখল, সেখানে অনেকেই তার মত, কিছু আছে
ওর চেয়ে বয়সে বড়। ক্যাম্পটি একটি গুদাম ঘর সেখানে ওদের আটকে রাখা হল। আলো
নেই, বাতাসও যেন নিঃশেষ হয়ে গিয়েছে। সকলের মুখ বিবর্ণ, ফ্যাকাশে, মৃত্যু
সন্নিকটে, ঘন্টা বাজতে যতটুকু দেরী। দুএকজন বয়সে যারা বড় মাঝে মধ্যে শুধু
শুধুই ফুসে ফুসে উঠছে, " যদি সব শালাদের শেষ করে দিতে পারতাম!" কিন্তু
অস্ত্রধারী পাকহানাদাররা নির্যাতন চালায় নিরস্ত্রদের উপরে।
ওদের নিয়ে
যাওয়া হল একটি নির্জন স্থানে, সেখানে অনেকেই জয়ের পরিচিত। আজ আর কাউকে দোষ
দিয়ে লাভ নেই, ও নিজেই দেশ ছেড়ে যায়নি। দুটো সারিতে দাঁড় করানো হল। মাত্র
কয়েকজন পাক সেনা আর ওরা সংখ্যায় কত বেশী!
ব্রাসফায়ার করা হল। বুক ঝাঝরা
হয়ে গেল, রক্ত গড়িয়ে ভেসে গেল ছায়া ঘেরা সেই নির্জন স্থান। গুবরে পোকা
ডাকতে ভুলে গেল, ভুলে গেল জোনাকীরা আলো জ্বালতে। নওগাঁবাসী শুনল, নিকশ কাল
আঁধারে বিদীর্ণ আবার ব্রাসফায়ারের শব্দ, দুরে আজানের ধ্বনি।
পাকসেনারা এসে পা দিয়ে লাথি মেরে মেরে উল্টিয়ে উল্টিয়ে দেখল, নিশ্চিত হয়ে চলে গেল, " সব মর গিয়া।" দুরে ট্রাকের শব্দ মিলিয়ে গেল।
একজনের রক্ত ছিটকে এসে লেগেছে আর একজনের শরীরে। জয়ের হাতে গুলি লেগেছে,
কিন্তু প্রাণটুকু শেষ হয়ে যায়নি, যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু জ্ঞান- বুদ্ধি
লোপ পায়নি। ও উঠে বসল। একটু চিন্তা করে সে সব লাশগুলো দেখে বোঝার চেষ্টা
করল, যদি তার মত কেউ বেঁচে থাকে। কি মানসিক শক্তি তার! এক হাত দিয়েই
কাজগুলো করছে সে।
হ্যাঁ, মনে হচ্ছে একজনের প্রাণটুকু আছে, জয়ের পরশটুকু পেতেই ঢুকরে কেঁদে উঠল সে, "জয় তুই বেঁচে আছিস?"
ওর তেমন কিছুই হয়নি কিন্তু ও ভয় পেয়ে গুলি ছোড়ার স্প্লিট সেকেন্ড আগেই
অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জ্ঞান ফিরে দেখে সবাই লাশ। ওর একপায়ের হাঁটুর নীচ
দিয়ে শুধু একটি গুলি চলে গিয়েছে। সকলের পেছনে ছিল ও।
একটু পরেই আবার
হানাদারেরা আসবে। সব মরদেহ গুলো তুলে নিয়ে গিয়ে পুঁতে ফেলবে কিন্তু তার
আগেই পালাতে হবে। ওরা রাতের আঁধারে দিক বুঝতে পারল না। হাঁটা শুরু করল ধীরে
ধীরে। মুখ শুকিয়ে যাচ্ছে। পিপাসা বড্ড পিপাসা! এক সমুদ্র পানি চাই ওদের!
ধীর পায়ে কিছুদুর এগিয়ে ওরা একটি আড়াল খুঁজে পেল, দুরে দেখতে পেল একটি
জংলা পুকুর। ওখানে যেয়ে পানি পান করল ওরা। হাত মুখ ধুয়ে নিল। নিজের লুঙ্গি
ছিঁড়ে জয়ের ক্ষত জায়গাটা বেঁধে দিল, আর নিজের পাটাও শক্ত করে বেঁধে নিল।
দিনের আলোয় নিজেদের লতা পাতার আড়ালে লুকিয়ে রাখল।
সূর্য্য অস্ত
যাবার পর আবারও হাঁটা শুরু করল ওরা। সব গ্রামগুলো প্রায় শূন্য মনে হচ্ছে।
ওদের জন্য অবশ্য এটাই ভাল। চলার পথে কখনও কলা, কখনও পেয়ারা খেয়েছে এর ওর
গাছ থেকে পেড়ে, কোথাও কোথাও মাটি খুঁড়ে পেয়েছে মিষ্টি আলু। সময়ে সজিনা
পাতাও চিবিয়েছে। এমনই ভাবে লোকচক্ষুর আড়ালে হেঁটে হেঁটে দিন সাতেক পরে,
রাতের অন্ধকারে, আস্তে আস্তে দরজায় কড়া নাড়ল জয়। নিঃশব্দে দরজা খুলে, কিছু
বলার আগেই আবার নিঃশব্দে দরজা বন্ধ করে, দুজনকে ঘরে নিয়ে গিয়ে, বাহির থেকে
দরজায় শিকল তুলে দিলেন মা। একেবারে খাবার তৈরী করে ঘরে ঢুকলেন। পরণের কাপড়ে
রক্তের ছোপ ছোপ দাগ শুকিয়ে গিয়েছে, মার চোখ শুধু ফিরে পাওয়া ছেলে দুটির
দিকে। হারিকেনের মৃদু আলোতেই তখন মা প্রাণভরে দেখছে, দিনের আলোর মত
পরিষ্কার সব কিছু। কাপড়ে রক্তের গন্ধও তাঁর নাকে লাগছে না। শুনলেন লোম
হর্ষক কাহিনী।
এতদিনে যন্ত্রণা ভুলে ছিলেন দুজনে। মাঝে মধ্যে দুর্বাঘাস
চিবিয়ে লাগিয়েছেন ক্ষত স্থানে। নাহ্! পচন ধরেনি। আজ তারা ভীষন ক্লান্ত,
মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, চোখ বুজে আসছে ঘুমে।
মা তাদের ঘরে ঢুকিয়ে শিকল
তুলে রেখে দিলেন দীর্ঘদিন। সেবা শশ্রুষায় ভাল করে তুললেন তাদের। সকলে জানে
অনেকের সঙ্গে জয় আর জয়ের বন্ধু শহীদ হয়েছে।
সাহসী এই বিরঙ্গনাই জয়মাতা। স্বশ্রোদ্ধ সালাম এই বীরঙ্গনাদের, শহীদের মায়েদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন