মদীনাতে সাতদিন থাকার পরেও হজরত মুহম্মদ (সাঃ) এর মাজার শরীফ জিয়ারত করা হল
না। হোটেলে আমাদের ঘরে যারা থাকেন তাঁরা কয়েকবার জিয়ারত সেরে ফেলেছেন। আমি
উনাদের বলে রাখলাম যেন আজ শেষ দিন উনারা আমাকে সংগে নিয়ে যান।
এশার
নামাজ শেষে, সেখানে যাবার প্রস্তুতি দেখেই শিহরিত হয়ে উঠলাম। লোকে
লোকারণ্য, মহিলাদের দিকটি আলাদা। দেশ অনুযায়ী ভাগ ভাগ করে ভেতরে ঢুকনো
হচ্ছে। বাংলাদেশ সবার শেষে। আমি কিছু বুঝে উঠার আগেই আমার সঙ্গী সাথীরা মুখ
ঢেকে ঢেকে অন্য দেশীদের সঙ্গে ঢুকে গিয়েছেন। কিংকর্তব্য বিমূঢ় আমি যখন
অন্যান্য বাংলাদেশীদের সঙ্গে ঢুকে জিয়ারত সেরে নববীর বাইরে বের হলাম, তখন
তিন ঘন্টা পার হয়ে গিয়েছে, নববী প্রায় জনশূন্য, রাত গভীর। গুটি কয়েক মহিলার
সঙ্গে হাঁটতে হাঁটতে উনাদের হোটেল পর্যন্ত এলাম কিন্তু তারপর আর রাস্তা
চিনতে পারলাম না। কারন আমি আমার চেনা রাস্তা দিয়ে না এসে অন্যদের পরিচিত
রাস্তা দিয়ে এসেছি। দিক ঠিকই ছিল। ক্ষণিক দেখা দেশী মহিলাগুলো আমার অবস্থা
বুঝতে পারল। আমি অন্তত একজনকে আমার সঙ্গে অপেক্ষা করতে বললাম।
এদিকে সবাইকে ফেরৎ যেতে দেখে, আমাকে না দেখতে পেয়ে মা ভীষণ উতলা হয়ে উঠলেন।
আমি মোবাইলের সাহায্যে আমার অবস্থান সম্পর্কে মনজুরকে জানালাম। হোটেল বয়
সহ মনজুর এসে আমাকে হোটেলে নিয়ে গেল। দুই হোটেলের ব্যবধান মাত্র কয়েক গজ
কিন্তু ঘন নিকশ কাল আধারে মদীনা যে ভয়াবহ নয় তা ভাবার কারণ ছিল না।
প্রশ্ন হল, বাংলাদেশী বলে আমাদের ভেতরে ঢুকাল সবার শেষে আর আমার রুমমেটরা
আগে থেকেই জেনেছিল, তাই চালাকির আশ্রয় নিয়েছিল। আমার মাজার জিয়ারতও হল,
হারিয়েও গেলাম, আবার ফিরেও এলাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন