খুব ভোরে ওঠে স্কুলে যেতাম যেন এসেম্বলির আগেই এক ঘন্টা খেলতে পারি। স্কুলের মাঠটি আমাকে ভীষণ ভাবে টানতো। মাঠের উত্তর দিকে গোলাপী, সাদা রঙের করবী ফুলগুলো খেয়াল করতাম। তাছাড়া কিছু পাতাবাহারের গাছও ছিল। নোনা বদন, কুমির তো জলে নেমেছি, হাডুডু, ছিবুড়ি এসব ছিল আমাদের প্রিয় খেলা। টিফিন পিরিয়ডেও খেলা যেত কিন্তু সকালের খেলাটি ছিল ফাও। বাসা থেকে পি এন স্কুলে যেতে রিক্সা ভাড়া লাগতো চার আনা। রিক্সা স্ট্যান্ড ছিল বেশ তফাতে। সে পর্যন্ত যেতে যেতে স্কুল ড্রেসে মেয়েদের দেখলে তাদের সঙ্গে দল বেঁধে স্কুলে যেতাম। টিফিন পিরিয়ডে মেইন গেটের পাশে দুইজন বিক্রেতা তাদের পশরা সাজিয়ে বসে থাকতো একজন আইসক্রিমওয়ালা আর একজন চানাবানাওয়ালা। গাঢ় সবুজ গেট আর দেয়ালের মাঝে সামান্য ফাঁক। তার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে এইসব জিনিস নিতে হতো। রিকশা ভাড়ার পয়সা দিয়ে কিনে খেতাম বুট ভাজা, বার ভাজা, বাদাম ভাজা, বেত ফল, আইসক্রিম, অনেকেই আবার চালতার আচার কিনে খেতো। এই যে কিছু কিনে খাওয়া তাও কিন্তু আমরা বান্ধবীদের সঙ্গে শেয়ার করতাম। দশ পয়সার আইসক্রিম ছিল দুধের আর পাঁচ পয়সার আইসক্রিম ছিল স্যাকারিন দেওয়া রঙিন পানির।
আমাদের সঙ্গে পড়তো সাইদা সুলতানা। ওর মত অদ্ভুত আইসক্রিম খাওয়া আমি কাউকে দেখিনি। যতটা আইসক্রিম মুখের ভেতরে ঢোকানো যায় ততটা ঢুকিয়ে ও চুষে চুষে খেত। তখন সে দুচোখ বন্ধ করে শুধু আইসক্রিমের স্বাদই উপভোগ করত। মনে হতো পৃথিবীর অন্য কোন খাবার তখন তার কাছে তুচ্ছ! তার এই উপলব্ধির রহস্য আমার আজও অজানা। একবার দুবারের জন্য নয় তার আইসক্রিম খাওয়ার ধরনটিই ছিল ঐ রকম।
আমাদের মধ্যে সাধারণত ফার্স্ট, সেকেন্ড হত সুফিয়া শিরিন, নাজমা সুলতানা। খুব ছোট্ট বয়স থেকে সুফিয়া শিরিন কবিতা লিখত। তার কবিতার খাতা থেকে আমাদের কবিতা পড়ে শুনাতো। নাজমা তো বোর্ডে স্ট্যান্ড করেছিল। তাছাড়া সাইদা, আসমা, কেয়া, নাসিম আক্তার বানু, সাহেলা জেসমিন, রহিমা আক্তার জাহান এরাই ঘুরে ফিরে ভালো রেজাল্টের তালিকায় থাকতো। আমার অবস্থান দশের মধ্যে কোথাও না কোথাও থাকতো, তবে কখনো ফার্স্ট হইনি, সে প্রচেষ্টাও ছিল না। তবে আমার দৃষ্টিতে আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিল সাইদা সুলতানা। ওর সঙ্গে ছিল আমার দারুন হৃদ্যতা। ও গল্প করেছিল, ওদের ভাই-বোনদের সবার নাম "স" দিয়ে শুরু। দুই বোনের নাম ছিল সাহিদা, সাফিকা। ভাইয়ের নাম ছিল সোয়েব। যা ছিল ঐ বয়সে আমার কাছে বিষ্ময়!
সাইদার বাবা ছিলেন বোর্ডের চেয়ারম্যান। বোর্ড চেয়ারম্যানের বাসা ছিল আমাদের বাড়ির নিকটে। ব্রিটিশ আমলে নির্মিত বিশাল আকারের, হালকা ছাই রঙের পুরাতন বাড়িটি ছিল পুকুর এবং বাগানে পরিবেষ্টিত। কার্পেটে মোড়ানো ছিল ঘরের মেঝেগুলো, কোনটির রঙ ছিল সবুজ, কোনটি আবার খয়েরি রঙের, আসবাবপত্রগুলোতে ছিল আভিজাত্যের ছোঁয়া। ছুটির দিনে সে বাসায় ছিল আমার নিয়মিত যাতায়াত। বোর্ড চেয়ারম্যানের বাড়ির পুকুরের পাড়ে বসার জায়গাটি ছিল আমাদের সবচেয়ে পছন্দের। বাসার জায়গাটির পাশেই ছিল একটি গাছ, দুপুর রোদেও সেই গাছের ছায়া আমাদের গায়ের উপর পড়তো। বাগানের ফুল গাছগুলো পরিচর্যায় থাকতো একজন মালি। গেটে দারোয়ান থাকতো। সাইদাও আসতো আমাদের বাসায়। ওর বাবা যখন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন তখন অধ্যক্ষের বাসায় গিয়েছি কয়েক বার। সেই প্রথম রাজশাহী কলেজের অধ্যক্ষের বাসা দেখা। পদ্মা পাড়ে পুরাতন আমলের বাড়িটি ছিল আমার প্রথম দেখা ফায়ার প্লেস ওয়ালা বাড়ি।
ছুটির দিনে ওর সাথে বেড়াতে গিয়েছি অন্যান্য বান্ধবীদের বাসায়। বাবার কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে রিকশায় করে ঘুরতাম। দুই টাকা হলেই চলে যাওয়া যেত বেলদারপাড়া থেকে কাজি হাটা কিংবা সায়েন্স ল্যাবরেটরীর গেট। হাতে পাঁচটা টাকা পেলে মনে হতো স্বর্গ জয় করে ফেলেছি। তখন কোন রকমের ভয় কাজ করত না। বাবা মার কোন নজরদারিও থাকতো না। এখনকার মত রাস্তায় এত জ্যাম ছিল না, গাড়ি ঘোড়ার প্রাচুর্যতা ছিল না। পুরো শহরে হাতে গোনা দু একজন ডাক্তার, ব্যবসায়ী অথবা কন্ট্রাকটারদের নিজস্ব প্রাইভেট কার বা জীপ ছিল। রাজশাহী শহর ছিল পাঁচ লক্ষ মানুষের কম জনবহুল একটি এলাকা। মানুষের চাহিদা ছিল স্বল্প কিন্তু মন ছিল প্রাণ প্রাচুর্যে ভরপুর।
বাংলা বা ইংরেজি ক্লাসে আনসিন বিষয়ে কোন কিছু লিখতে দিলে সাইদা ঝকঝকে হাতের লেখায়, নির্ভুলভাবে উত্তর লিখে স্যার, আপাদের কাছে জমা দিত। তখন স্যার বলা জানলেও ম্যাডাম বা ম্যাম বলা শিখিনি। মুহূর্তের মধ্যেই খাতা মূল্যায়ন করে তাঁরা খাতা ফেরত দিতেন। তাতে বেশিরভাগ দিনই সাইদার খাতায় লিখে দিতেন "সুন্দর হয়েছে।"
আরো দুই এক জনের খাতায় এরকম মন্তব্য লেখা হতো, বাকীরা সে খাতাগুলো যত্ন সহকারে পড়ে দেখতাম যেন আমরা নিজেদের সেই উচ্চতায় নিয়ে যেতে পারি।
বোধহয় ১৯৭৪ সাল হবে। অষ্টম শ্রেণীতে পড়ছি। আমাদের স্কুলে দুটো পরীক্ষা হতো ষান্মাসিক এবং বার্ষিক। ষান্মাসিক পরীক্ষার ফলাফলের সঙ্গে বার্ষিক পরীক্ষার ফলাফলের কোন সম্পৃক্ততা ছিল না। আমাদের ষন্মাসিক পরীক্ষা চলছে, সেদিন ইংরেজি পরীক্ষা। পুরো ক্লাস ভর্তি। এক ক্লাসের ছাত্রীরা সাধারণত একটি ক্লাসেই পরীক্ষা দিত। সুন্দর করে সিট বসানো হতো। সেই সিটে বসে পরীক্ষা দিতে হতো। সবাই চাইতো তার সিট যেন পেছনের দিকে বসে তাহলে একটু ঘাড় মাথা ঘোরানো যাবে, টুকটাক কথা বলার সুযোগ পাওয়া যাবে। পরীক্ষার সময় তিন ঘন্টা। স্যার আপারা ক্লাসের মধ্যে বেশি ঘোরাঘুরি করতেন না, তার বদলে আপারা কুরুসকাঁটা অথবা উলকাঁটা দিয়ে কিছু তৈরির চেষ্টা করতেন। ব্যতিক্রম ছিলেন একমাত্র নুরুল ইসলাম স্যার, উনি সুযোগ পেলেই বকাঝকা করতেন, মারপিট করতেন, তাঁর হাত থেকে কেউ রেহাই পেয়েছে বলে মনে হয় না। সাইদা হরহামেশাই কথা বলতে পারতো নুরুল ইসলাম স্যারের সাথে। শাসন করলেও শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসাটা ছিল অকৃত্রিম। ভারতের বাসিন্দা এদেশে এসে বসতি স্থাপন করেছিলেন। শুদ্ধ উচ্চারণে ওনার বাচন ভঙ্গিটা ছিল অসাধারণ।
সাধারণত যাদের রোল নম্বার প্রথম দিকে তাদের সিট সামনের দিকে বসত। এবার কি হলো! উল্টো ঘটনা ঘটলো। আমার বা সাইদার সিট বসেছে পেছনের দিকে। পরীক্ষার ঘন্টা বাজলো। আপা এসে খাতা এবং প্রশ্নপত্র বিতরণ করলেন। প্রশ্নপত্র পাবার পর আমরা প্রত্যেকেই যে যেমন পারি লেখা শুরু করলাম। হঠাৎ সাইদা উঠে দাঁড়িয়ে বলল, আপা আমি পরীক্ষা দেব না।
আপা জিজ্ঞেস করলেন, কেন?
সাইদা জবাবে বলল, কোন কিছু কমন পরেনি।
আপা কন্ঠ দৃঢ় রেখে বললেন, বসো, ঠিকমতো সিটে বসে পরীক্ষা দাও, যা পারো তাই লিখ।
সাইদার সিট ছিল আমার কাছাকাছি। ও আপার নির্দেশ মত মাথা নিচু করে সেই যে লেখা শুরু করল, একটানা বিরামহীন গতিতে লিখে চলল, কারো দিকে কোন ভ্রুক্ষেপ নেই। ওর দিকে আমি মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করেছিলাম বৈকি!
তিন ঘন্টা অতিক্রান্ত হল পরীক্ষা শেষে আমরা যে যার মত বাসায় ফিরলাম। ষান্মাসিক পরীক্ষার রেজাল্টের আগে আমাদের পরীক্ষার খাতা দেখানো হতো যেন আমরা বুঝতে পারি কে কোথায় ভুল করেছি! আবার আমাদেরকে নম্বরগুলো যোগ করে দেখতে বলা হত, এছাড়াও কোন প্রশ্নের উত্তরে ভুলবশত নম্বর দেওয়া না হলে, সেটাও শুধরে দেওয়া হতো। আমাদের যেদিন ইংরেজি খাতা দেখানো হলো দেখলাম, সাইদা ইংরেজিতে পেয়েছে ৮২, আমি ৬০, কেউ ৬৫, কেউবা ৭০। সর্বোচ্চ নম্বর পেয়েছে সাইদা। আমার মনে হল কমন না পেয়ে সাইদা পেল সর্বোচ্চ নম্বর আর যদি কমন আসতো তাহলে ও ১০০ নম্বরের ভেতরে ১০০ নম্বরই পেতো। অসাধারণ মেধাবী ছিল সাইদা। বোধ করি আমাদের মধ্যে সহজেই কোন বিষয় অনুধাবন করার ক্ষমতা ছিল ওর। ঐ বয়সেই নির্ভুল ইংরেজি লেখা রপ্ত করে ফেলেছিল। ১৯৭৭ সালে আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সায়ন্স থেকে আমরা ৮ জন, মানবিক গ্রুপ থেকে একজন মোট ৯ জন, প্রথম বিভাগে পাশ করলাম, আর যতদূর মনে পরে সে বছর রাজশাহী বিভাগে পাশের হার ছিল মাত্র ২৮%।
তারপরে বিভিন্ন কলেজ থেকে মোট ১৮ জন কিশোরী একসঙ্গে ভর্তি হলাম রাজশাহী কলেজে। দুই সেকশন মিলে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৫০জন। রাজশাহী কলেজে পড়ুয়াদের মধ্যে ১৯৭৯ সালে সুফিয়া শিরিন, সাইদা সুলতানা, সাহেলা জেসমিন, নাসরিন সুলতানা, নাজলী, রোনা রেহানা, আয়শা ভর্তি হলো রাজশাহী মেডিকেল কলেজে। বাকিরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। সাইদার সঙ্গে নিয়মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
এরপরে ১৯৮৩ সালে সাইদার সাথে আমার হঠাৎ দেখা ফেরিতে। আমিও যাচ্ছিলাম রাজশাহী থেকে ঢাকা। সেই উচ্ছ্বাস, সেই আবেগ! গল্পের ঝুলির বাঁধনটা খুলে গিয়েছিল, যমুনার ঢেউ কিংবা বয়ে চলা দুরন্ত হাওয়া থামাতে পারেনি আমাদের কথার ফুলঝড়ি! ঐ সময়ে ওর সঙ্গে থাকা মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আমাদের ধারে কাছে আর ভেড়েনি।
তারপর সাইদা হারিয়ে গেল, তার খোঁজ নেই।
অল্প দিনের মধ্যে আমরা যে যার প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হলাম। আমার জানামতে, ১৯৮৪ সালে আমাদের মধ্যে যারা মেডিকেল কলেজ থেকে পাস করেছিল প্রত্যেকেই সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছিল। ১৯৮৫ সাল থেকে সরকারি প্রতিষ্ঠানে ডাক্তারদের পদায়ন হতো বিসিএস পরীক্ষার মাধ্যমে। যারা রাজশাহী কলেজে পড়তো তারা নিজেদের কর্মস্থলে যে যার মত প্রতিভার স্বাক্ষর রেখে চলল। কেউ মহিলা রোগ বিশেষজ্ঞ, কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউবা সার্জন, নিজেদের চেম্বারে ব্যস্ত সময় পার করে। কোন সমস্যা নিয়ে তাদের চেম্বারে গেলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, একটু অপেক্ষা কর হাতের পেসেন্টটা বিদায় করি, চট করে চলে যাওয়ার চেষ্টা করো না।
তখন আমি রাজশাহী কলেজে কর্মরত। ২০০৪ সালের দিকে প্রশাসন ভবনের সামনে সাইদার আব্বা শামসুদ্দিন মিঞার সঙ্গে দেখা। প্রায় দৌড়াতে দৌড়াতে উনার পথ রোধ করে সামনে গিয়ে বললাম, আমি সাইদার বান্ধবী, ও কেমন আছে? কোথায় আছে?
বার্ধক্যের ভারে তিনি জর্জরিত। চলনের গতি মন্থর, কথায় অস্পষ্টতা, তারপরেও নুইয়ে পরা মাজাটা কিছুটা টান টান করে সহাস্য বদনে জানালেন, ডাক্তার স্বামীর সঙ্গে সাইদা সপরিবারে সৌদি আরবে বসবাস করছে। ওর তিনটি পুত্র সন্তান।
বান্ধবীদের সঙ্গে আমার হরহামেশাই কথা হয়, আড্ডা হয়। পরবর্তীতে ওদের মাধ্যমে জেনেছি সাইদা দেশে ফিরেছে। প্রায় পঁচিশ বছর পর ঢাকায় ধানমন্ডিতে ওর সাথে আমার দেখা হয়েছে কিন্তু কালো বোরখায় আবৃতা সাইদাকে চিনতে আমার কষ্ট হয়েছে। নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি এই ভদ্রমহিলা কী আমাদের সেই ছিপছিপে, উচ্ছল, প্রাণবন্ত, বাকপটু, সহপাঠী সাইদা!
অথচ ও দেশ-বিদেশে ঘুরে ফিরে, নাতি পুতি নিয়ে মহাআনন্দে দিব্যি সময় কাটিয়ে দিচ্ছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন